বরগুনা সংবাদদাতাঃ
বরগুনার আমতলীতে পারিবারিক পুষ্টি বাগানে বেশ সফলতা মিলছে। বাড়ির আঙিনা থেকে পতিত জমিতে সবজি বাগান গড়ে তুলে গ্রামের গৃহিনী এবং চাষীরা নিজেদের পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে এখন বাড়তি আয় করছেন।
জানা যায়,এ উপজেলায় ১৫ হেক্টর জমিতে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলা হয়েছে। গ্রামের চাষী এবং গৃহিনীরা কৃষি বিভাগের পরার্মশে বাড়ির আঙিনা এবং পতিত জমিতে পুষ্টি বাগান গড়ে তুলেছেন। যেখানে বছরজুড়ে তারা চাষাবাদ করছেন লাউ, শিম, ঢেঁড়শ, করলা, পুঁইশাকসহ নানা ধরনের শাকসবজি। কিটনাশক ছাড়া জৈব সারা ব্যবহার করে এখানে সবজি উৎপাদন করা হচ্ছে।
আমতলীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনার সামান্য জায়গাও এখন আর ফেলে রাখা হচ্ছে না। কোথাও মাচায় ঝুলছে লাউ-শিম, কোথাও সারি সারি শাকসবজি। পরিবারের সদস্যদের চাহিদা মিটিয়ে উৎপাদিত বাড়তি সবজি বিক্রি হচ্ছে স্থানীয় বাজারেও। অথচ একসময় বসতবাড়ির আশপাশের ফাঁকা জায়গা কিংবা পুকুরপাড়ের অনাবাদি জমি অব্যবহৃত পড়ে থাকত। এখন সেই জমিতেই ফলছে নানা রকম সবজি।
কারও কাছে এটি পরিবারের পুষ্টির নিশ্চয়তা, কারও কাছে অবসর কাটানোর আনন্দ, আবার কারও কাছে বাড়তি আয়ের উৎস।পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি পুষ্টি বাগানের বাড়তি সবজি বিক্রি করে আয়ও করছেন অনেকে। এতে আমতলীতে পারিবারিক পুষ্টি বাগান ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা এবং বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্র।
আমতলীর হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের মো. নান্নু প্যাদা জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বাড়ির আঙিনায় প্রায় দুই শতক জমিতে কীটনাশক ছাড়া পুষ্টি বাগান করেছেন তিনি। নিজের পরিবারের চাহিদা মিটিয়ে উৎপাদিত সবজি আত্মীয়-স্বজনের বাড়িতেও দিচ্ছেন। তিনি বলেন, "সকাল-বিকেল বাগানে সময় কাটাই। নিজের হাতে উৎপাদিত টাটকা সবজি খাওয়ার আনন্দই আলাদা। পরিবারের চাহিদা মিটিয়ে অন্যদের দিতে পারাও ভালো লাগার বিষয়।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মিয়া জানান, অনাবাদি, পতিত ও বসতবাড়ির অব্যবহৃত জমি কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বাড়ানোই পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মূল উদ্দেশ্য। এতে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে আয় করার সুযোগ তৈরি হচ্ছে।
কৃ/স/জয়