কৃষি সময়
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা আমন চাষী

রংপুর সংবাদদাতাঃ 
রংপুরের বিভিন্ন উপজেলায় আমন ধানের জমিতে বাদামি গাছ ফড়িং স্থানীয় নাম “কারেন্ট পোকা”আক্রমণ দেখা দিয়েছে। এর ফলে জমির সবুজ ধানগাছ বির্বণ খড়ে পরিণত হয়ে যাচ্ছে। কৃষকরা পোকার আক্রমণ এবং জমির ধান রক্ষায় কিটনাশক প্রয়োগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। এমন অবস্থায় আমন ধান চাষাবাদে কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন। 

সরেজমিনে রংপুর মহানগরসহ পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রংপুর অঞ্চলে মাঠ জুড়ে এখন পাকা আমন ধানের সোনালি আভা। ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষকরা। ঠিক এমন সময় ধানক্ষেতে হানা দিয়েছে বাদামি গাছ ফড়িং, স্থানীয়ভাবে পরিচিত ‘কারেন্ট পোকা’। পোকাটি ধানগাছের রস চুষে খেয়ে সবুজ ক্ষেতকে পরিণত করছে বিবর্ণ খড়ে। পোকার ব্যাপক আক্রমণ দেখা গেছে কুকরুল, ফুল আমেরতল ও চব্বিশ হাজারী এলাকায়। ক্রমেই বাড়ছে আক্রান্ত ক্ষেতের পরিধি। পোকা দমনে ধারদেনা করে কীটনাশক স্প্রে করছেন কৃষকরা। তাতেও কাজ না হওয়ায় কেউ কেউ তামাকের গুঁড়া ছিটানোসহ অবলম্বন করছেন স্থানীয় পদ্ধতি। দফায় দফায় উচ্চমূল্যের কীটনাশক স্প্রে করেও মিলছে না সুফল। কোথাও কোথাও পুরো ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় দিশাহারা কৃষকরা। শেষ সময়ে এসে পোকার এমন আক্রমণে আমনের উৎপাদন কমার পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

কৃষি বিভাগ জানায়, ধানগাছের গোড়ায় বসে রস শুষে খায় বাদামি গাছ ফড়িং। এতে গাছ পুড়ে যাওয়ার মতো বিবর্ণ হয়ে শুকিয়ে মারা যায়। এ অবস্থাকে বলা হয় ‘হপার বার্ন’। এক জোড়া পোকা তিন থেকে চার প্রজন্মে প্রায় ৩৫ লাখ পোকার জন্ম দিতে পারে এবং অতিক্রম করতে পারে ৫০ মাইল পর্যন্ত। বীজতলা থেকে ধান পরিপক্ব হওয়া পর্যন্ত যেকোনো সময় আক্রমণ হতে পারে এ পোকার। সাম্প্রতিক বৃষ্টির পর গরম ও আর্দ্র আবহাওয়া পোকার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করায় আক্রমণ বেড়েছে এবার।

পীরগাছার প্রতাপ জয়সেন এলাকার কৃষাণী সুফিয়া বেগম জানান, এ পর্যন্ত ক্ষ্যাতোত পাঁচবার ওষুধ দিচি, তারপরও পোকা দমন হয় না। সউগ ধান পোকায় খাইলে হামরা বাঁচমো কী খ্যায়া!’ কৃষকদের ভাষ্য, আক্রান্ত জমির ধান তো নষ্ট হচ্ছেই, এমনকি ওই জমির খড়ও খেতে চায় না গবাদিপশু। ফলে উৎপাদন ব্যয়ের পাশাপাশি বাড়ছে লোকসানের পরিমাণও।

চব্বিশ হাজারী এলাকার কৃষক হামিদুর রহমান জানালেন, সম্প্রতি বৃষ্টির পর হঠাৎ করেই উঠতি আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ দেখা দেয়। দু-এক দিনের মধ্যেই পোকা ধানগাছের রস চুষে খেয়ে গাছ শুকিয়ে ফেলছে। কুকরুলের কৃষক নয়ন মিয়ার অভিযোগ, দুদিন পরপর উচ্চমূল্যের কীটনাশক স্প্রে করেও দমন করা যাচ্ছে না পোকা। দুর্দিনে পাওয়া যাচ্ছে না কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শও।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক সাইফুল আলম জানালেন, আক্রান্ত জমির পানি সরিয়ে সাত-আট দিন শুকনা রাখা, নাড়া পুড়িয়ে ফেলা, আলোক ফাঁদ ব্যবহার, ধানগাছ ফাঁকা করে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা এবং হাঁস ছেড়ে পোকা খাওয়ানোর পরামর্শও দেন।
 আক্রমণ বেশি হলে ফরচুনেট, পাইটাপ, পাইরাজিন, সাবা, গ্লামোর ও একতারা জাতীয় কীটনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োগের কথা জানিয়েছেন তিনি। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত তদারকি ও পরামর্শ দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে পোকা দমনে জমির আইল পরিষ্কার, সঠিক দূরত্বে চারা রোপণ, প্রতি ১০ সারি পরপর এক সারি ফাঁকা রাখা এবং ইউরিয়া সার ধাপে ধাপে ব্যবহারের পরামর্শ দেন তিনি। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্জ্যে ভরা খালে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ

1

ভাঙ্গায় দূষণ দখলে সংকটে কুমার নদ

2

কপোতাক্ষের পাড়ে ময়লার ভাগাড়

3

উত্তরাঞ্চলে সবজি চাষাবাদে ব্যস্ত কৃষকরা

4

এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

5

বস্তি থেকে ‘সবুজ কলোনি’ বাঁশবাড়ি

6

রাজশাহী চিনিকল বিপুল লোকসান নিয়ে উৎপাদনে যাচ্ছে

7

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

8

কুমিরের কামড়ে বৃদ্ধ আহত

9

আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা

10

খাদ্যনিরাপত্তা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনের আন

11

তেজপাতা চাষে বাড়তি আয়

12

চট্টগ্রামে আমদানি ফলে ভরপুর

13

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

14

শেকৃবিতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

15

৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

16

৫দিন বৃষ্টিপাতের আভাস

17

দাকোপে নদীগর্ভে যাচ্ছে ফসলি জমি

18

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

19

তরমুজ চাষে ভাগ্য বদলের স্বপ্ন অসিতের

20