বরিশাল সংবাদদাতাঃ
দক্ষিণাঞ্চলের বরিশাল সহ বিভিন্ন উপজেলায় সবজি ও উচ্চমূল্যেও ফসল আবাদে দ্রুত বাড়ছে মালচিং পদ্ধতির চাষাবাদ। এতে কৃষকরা কম খরচে ঝামেলামুক্ত অধিক সবজিও ফসল উৎপাদন করে এখন লাভবান হচ্ছেন।
বরিশালের বিভিন্ন উপজেলার মাঠে মাঠে কৃষকরা শসা, টমেটো, মরিচ, বেগুন, চিচিঙ্গা, করলা, লাউ, তরমুজসহ বিভিন্ন সবজি ও উচ্চমূল্যের ফসল চাষে মালচিং পদ্ধতি ব্যবহার করছেন। বিশেষ করে শীতকালীন ও খরিপ মৌসুমে আগাম সবজি উৎপাদনে এ পদ্ধতির ব্যবহার বাড়ছে।
মালচিং পদ্ধতিতে জমিতে নির্দিষ্ট দূরত্বে বেড তৈরি করে ফসলের গোড়ার চারপাশে বিশেষ ধরনের পরিবেশ বান্ধব পলিথিন বা মালচিং পেপার বিছিয়ে দেওয়া হয়। এতে মাটির আর্দ্রতা দীর্ঘসময় ধরে রাখা যায়। একইসঙ্গে সূর্যের আলো সরাসরি মাটিতে না পৌঁছানোয় আগাছার বৃদ্ধি কমে। মাটির তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকায় ফসলের স্বাভাবিক বৃদ্ধিতেও সহায়তা করে এ পদ্ধতি। পাশাপাশি সার ও সেচের পানির অপচয়ও কমানো সম্ভব হয়। স্বাভাবিক চাষাবাদের তুলনায় ফলনও বেশি হয়।
বরিশাল সদর উপজেলার লাকুটিয়া বাজারের আকাইদ এগ্রোর মালিক রাকিব হোসেন জানান, আগের তুলনায় এখন মালচিং পেপারের বিক্রি অনেক বেড়েছে। ২০ শতক জমিতে ৪ ফুট চওড়া ও ১ হাজার ৬৮৫ ফুট লম্বা একটি মালচিং পেপার ব্যবহার করতে প্রায় ৬ হাজার ৫০০ টাকা খরচ হয়। এতে সার ও পানির অপচয় কমানো যায়। ফলে পরবর্তী সময়ে উৎপাদন খরচ সাশ্রয় হয়। আমি নিজেও এ পদ্ধতিতে সবজি চাষ করে আসছি।
উজিরপুর উপজেলার কৃষক সুজন মিয়া বলেন, মালচিং পেপার ব্যবহার করে লাউ, করলা, বেগুন ও চিচিঙ্গা চাষ করছি। আগের তুলনায় খরচও কম হয় ফলনও ভালো পাচ্ছি। আমার দেখাদেখি এলাকায় আরও কয়েকজন মালচিং পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছে।
মুলাদী সদর উপজেলার কৃষক তাইজুল ইসলাম বলেন, শুরুতে মালচিং পদ্ধতিতে চাষাবাদে কিছুটা বাড়তি খরচ হয়। তবে পরে আগাছা পরিষ্কার, সেচ ও শ্রমিকের খরচ কমে যাওয়ায় মোট উৎপাদন খরচ কমে আসে। আমি এক একর জমিতে মালচিং পদ্ধতিতে টমেটো, করলা, বেগুন ও লাউ চাষ করে সফলতা পেয়েছি। প্রচলিত পদ্ধতির তুলনায় এতে জমির পরিচর্যা সহজ হয়েছে এবং লাভও বেশি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মাৎ মরিয়ম বলেন, বরিশাল নিচু ও বৃষ্টিপ্রবণ এলাকা হওয়ায় এ অঞ্চলে মালচিং পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে শীতকালীন ও খরিপ মৌসুমে আগাম সবজি উৎপাদনে এ পদ্ধতি লাভজনক হওয়ায় কৃষকের আগ্রহ বাড়ছে। আমরা কৃষিভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে কৃষকদের মালচিং পদ্ধতিতে চাষাবাদে উৎসাহ দিচ্ছি। এ অঞ্চলে দিন দিন এ পদ্ধতিতে চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে।
কৃ/স/জয়