উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চলছে রবি সরিষা চাষের ধুম। বন্যার পানি নেমে যাওয়ায় মাঠে মাঠে কৃষকরা এ চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া ভাল থাকলে প্রতি বছরের ন্যায় বাম্পার ফলনের আশা করছেন দেশের শীর্ষ সরিষা উৎপাদনকারী এ উপজেলার চাষীরা।
জানা গেছে, চলতি মৌসুমে ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে প্রায় সাড়ে ৪ হাজার হেক্টরে বীজ বোনার কাজ সম্পন্ন হয়েছে। বিশেষ করে উপজেলার উধুনিয়া, বড়পাঙ্গাসী, বাঙ্গালা ও মোহনপুর ইউনিয়নের বিস্তীর্ণ প্রান্তরজুড়ে সবচেয়ে বেশি সরিষার চাষ হয়ে থাকে। এছাড়া সলঙ্গা, রামকৃষ্ণপুর, হাটিকুমরুল, পূর্ণিমাগাতী, উল্লাপাড়া সদর, বড়হর, পঞ্চক্রোশী, সলপ, দুর্গানগর ও কয়ড়া ইউনিয়নের মাঠগুলোতেও ব্যাপকভাবে সরিষা আবাদ করা হচ্ছে।
দেশের সবচেয়ে বেশি সরিষার আবাদ এবং উৎপাদন হয় এই উপজেলায়। ধারাবাহিক উৎপাদন ধরে রাখতে কৃষি বিভাগ ইতোমধ্যে উপজেলার প্রায় ২৬ হাজার চাষীকে সরিষা বীজ সহ চাষাবাদেওর সার দিয়েছেন। এতে সরিষা চাষে কৃষকদের আগ্রহ আরো বেড়েছে।
উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় কমবেশি সরিষা আবাদ হয়। বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা বারি সরিষা-১৪, বারি ১৭, বারি ২০, বিনা-৯, বিনা-১১ এবং স্থানীয় জাতের সেতি ও কালো মাঘি সরিষা চাষ করছেন। অধিক ফলনশীল এসব জাত কৃষকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
রোপা আমন ধান কেটে সেই জমিতেই অনেক কৃষক আগাম সরিষা চাষ করছেন। ফসল তোলার পর এসব জমিতে পরবর্তীতে বোরো ধান আবাদ করা হবে। তবে কিছু এলাকায় আগে বোনা গাছে পচন রোধে সতর্কতামূলকভাবে বালাইনাশক স্প্রে করতে দেখা গেছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এক বিঘা জমিতে তিন থেকে চারবার চাষ দিয়ে মই দিয়ে মাটি সমান করতে ১৫শ থেকে ১৮শ টাকা খরচ পড়ছে।
বাঙ্গালা ইউনিয়নের সামাইল দহ মাঠের কৃষক নুরুল ইসলাম জানান, জমি তৈরি, বীজ ও কীটনাশক বাবদ বিপ্রতিবেশে তাঁর দুই হাজার টাকার মতো খরচ হয়েছে। তিনি টিএসপি, ইউরিয়া, এমওপি ও বোরন সার সুষম মাত্রায় প্রয়োগ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী জানান,এ উপজেলা দেশের শীর্ষ সরিষা উৎপাদনকারী উপজেলা। আমরা দীর্ঘদিন ধরে এ রেকর্ড ধরে রেখেছি। প্রতিটি এলাকার জমি চাষাবাদের আওতায় এনে এই অর্জন সম্ভব হয়েছে। এ জণ্য কৃষকদের আমারা নানাভাবে উৎসাহ দিয়ে আসছি। এবার কৃষি প্রণোদনার আওতায় উল্লাপাড়ার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। প্রতিজন কৃষককে এক কেজি করে উচ্চফলনশীল জাতের সরিষা বীজ (বারি-৯, বারি-১৪ ও বারি-২০), ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। আশা করছি প্রতি বছরের ন্যায় এ মৌসুমেও সরিষার ভাল ফলন হবে।
কৃ/স/জয়