ভোল সংবাদদাতাঃ
ভোলার চরফ্যাশনে তরমুজের চাষাবাদ বেড়েছে ১০ গুন। এবার মৌসুমি তরমুজের পাশাপাশি আগাম তরমুজ চাষেও ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায়দ্রুত বাড়ছে এ চাষাবাদের পরিধি।
জানা গেছে, ভোলার চরফ্যাশন উপজেলা রসালো তরমুজ উৎপাদনের জন্য দেশজুড়ে পরিচিত। এখানকার মাটি ও আবহাওয়া তরমুজ চাষের জন্য বেশ উপযোগী হওয়ায় প্রতি মৌসুমে বিপুল পরিমাণ তরমুজ উৎপাদিত হয়। গত বছর চরফ্যাশনে মাত্র ১৫ একর জমিতে আগাম তরমুজের আবাদ হয়েছিল। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০ একরে। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় বৃষ্টির ঝুঁকি মোকাবিলা করে মালচিং পদ্ধতিতে উন্নত জাতের তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষকরা।
চরফ্যাশনে চাষ হওয়া আগাম তরমুজের উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে রয়েছে সুপার কিং, থাই কিং, থাই সুপার, নিউ সুপার, গ্রেড ওয়ান ও আর্লি ওয়ানসহ বিভিন্ন জাত।
খরস্রোতা তেঁতুলিয়া নদীর তীরবর্তী বালুমাটিতে আধুনিক মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষ করে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছেন চরফ্যাশনের কৃষকরা। কৃষকদের দেওয়া তথ্যমতে, প্রতি একর জমিতে উৎপাদিত তরমুজ প্রায় ৫ লাখ টাকায় বিক্রি করা যাচ্ছে। উৎপাদন খরচ বাদ দিয়ে একরপ্রতি ২ থেকে ৩ লাখ টাকা লাভের সম্ভাবনা রয়েছে। ফলে আগাম তরমুজ চাষে দিনদিন আগ্রহ বাড়ছে কৃষকদের।
কৃষকরা জানান, সাধারণত মৌসুমে একসঙ্গে সব তরমুজ বাজারে আসায় সরবরাহ বেড়ে যায় এবং ন্যায্যমূল্য পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এতে অনেক সময় লোকসানের ঝুঁকিতে পড়তে হয় তাদের। তবে আগাম তরমুজ চাষের ফলে মৌসুমের আগেই বাজার ধরার সুযোগ তৈরি হয়েছে। মালচিং পদ্ধতিতে চাষ করায় উৎপাদন খরচও তুলনামূলক কমেছে এবং ফলন ভালো হয়েছে।
তরমুজ চাষি আলাউদ্দিন, জামাল ও ছগির জানান, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় চরের জমিতে আগাম তরমুজসহ উচ্চমূল্যের বিভিন্ন ফসল চাষে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রকল্পের প্রদর্শনীর আওতায় আগাম তরমুজ চাষের জন্য উন্নতমানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। এসব সহযোগিতা কাজে লাগিয়ে তারা আগাম তরমুজ চাষে ভালো লাভের মুখ দেখছেন। কৃষক মামুন বলেন, বড় ধরনের ঝড়-বৃষ্টি না হলে এবার তরমুজ চাষে ভালো লাভ হবে বলে আশা করছি। তবে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জানান, এ বছর আগাম জাতের তরমুজের ফলন অত্যন্ত ভালো হয়েছে। গত বছরের তুলনায় আবাদি জমির পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে কৃষকরা আগাম তরমুজ চাষে ভালো ফলাফল পাচ্ছেন।
কৃ/স/জয়