কৃষি সময় ডেস্কঃ
ফরিদপুরের সালথা উপজেলার এক কলা ব্যবসায়ীর বিরুদ্ধে কাঁচা কলায় রাসায়নিক স্প্রে প্রয়োগ করে মাত্র তিন দিনের মধ্যে পাকিয়ে বাজারজাত করার অভিযোগ উঠেছে। উপজেলার বল্লবদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারের কলা ব্যবসায়ী সেকেন শেখের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা এ অভিযোগ করেছেন। এ ঘটনায় জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাভাবিকভাবে কলা পাকতে যেখানে নির্দিষ্ট সময়ের প্রয়োজন, সেখানে স্প্রে প্রয়োগের মাধ্যমে ওই ব্যবসায়ী মাত্র তিন দিনের মধ্যে কলা পাকাচ্ছেন। এসব কলা দেখতে পাকা ও আকর্ষণীয় হলেও এর ভেতরে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগের বিষয়ে কলা ব্যবসায়ী সেকেন শেখ বলেন, এই কলা আমি নিজেও খাই, আমার পরিবারকেও খাওয়াই। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা হয়নি। আমার ভুল হয়েছে। আমি আর এই ব্যবসা করব না।
সংশ্লিষ্টদের মতে, ফল পাকানোর ক্ষেত্রে অনুমোদিত পদ্ধতি ও নিরাপদ উপকরণ ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত বাজারজাত করার উদ্দেশ্যে অননুমোদিত বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হলে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
কৃ/স/জয়