কৃষি সময় ডেস্কঃ
রমজান মাসে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ‘রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান।
গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি। এতে উপকারভোগীর সংখ্যা ৩৪ থেকে বেড়ে ৪০ লাখে উন্নীত হবে। অর্থাৎ নতুন করে আরো ছয় লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে রমজানে পণ্যের সরবরাহ বাড়াতে ভোজ্যতেল, ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। টিসিবির স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ নেয়া হচ্ছে।
টিসিবি চেয়ারম্যান জানান,অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে বলে মনে করেন না তিনি।
স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরো বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে সরকার অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করেছে। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশী সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া কিছু পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।
কৃ/স/জয়