গাজীপুর সংবাদদাতাঃ
গাজীপুরের শ্রীপুরের সংরক্ষিত বনাঞ্চলের অর্ধশতাধিক তালগাছ কেটে বন উজারের মহা উৎসবে মেতেছে বন খেকোরা। স্থানীয়দের অভিযোগ বন বিভাগের ছত্রছায়ায় বন উজাড় করা হচ্ছে। সপ্তাহব্যাপী সংরক্ষিত বনাঞ্চলের গাছকেটে লুটপাট করলেও বিষয়টি জানান না বনবিভাগ।
শ্রীপুরের বরমী ইউনিয়নের চরবহর গ্রামের ম্যাক হ্যাচারীর পশ্চিমপাশের সংরক্ষিত বনাঞ্চলের ঘন সৃজিত বনের ভেতর সারি সারি কাটা হয়েছে। পুরো এলাকায় পড়ে আছে এলোমেলো কাটা তালগাছে কান্ড। তালগাছের পাশাপাশি কাটা হয়েছে অনন্য ওষুধি গাছ। অনেক গাছে তাল ফল ইতোমধ্যে পরিপক্ব। প্রায় অর্ধশতাধিক তালগাছের গোড়ালি পড়ে রয়েছে।
পরিবেশ কর্মী সাইদ চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বজ্রপাত ঠেকাতে তালগাছ খুবই গুরুত্বপূর্ণ। এতগুলো তালগাছ কেটে নেওয়া খুবই উদ্বেগের। এগুলো বন্ধ না হলে আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, গভীর রাতে বনের ভেতর গাছ কাটার শব্দ পেয়েছি। সকালে গরু চড়াতে এসে দেখি সারি সারি তাল গাছ কাটা। বিষয়টি স্থানীয় বন বিভাগে জানালেও তারা পদক্ষেপ নেয়নি। এভাবে সপ্তাহ ধরে বন উজাড় হলেও বন বিভাগের লোকজন আসেনি।
সাতখামাইর ফরেস্ট গার্ড আব্দুর রহিম বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। অনেকগুলো তালগাছ কাটা। এছাড়াও অনন্য গাছও কাটা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গাছগুলো জব্দ করে নেওয়া হবে।
শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিট কর্মকর্তা মো. বিপ্লব হোসেন বলেন, গাছ কাটার খবর পেয়ে সেখানে দুদিন আগে লোক পাঠানো হয়েছে। দুটি গাছ কাটা হয়েছে। একটি গজারি গাছ জব্দ করা হয়েছে। এতগুলো গাছ কাটার খবর জানা নেই। আবার লোক পাঠানো হচ্ছে।
কৃ/স/জয়