সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় দ্রুত বাড়ছে সুপারি চাষাবাদ। এ জেলার চাষীরা এখন বাড়ির আঙনা থেকে মাছের ঘেরপাড়,জমির আইলে পর্যন্ত বাণিজ্যিকভাবে সুপারি চাষাবাদ করছেন। কম খরচে ভাল লাভ হওয়ায় চাষীরা এ চাষাবাদে আগ্রহ দেখাচ্ছেন। এ জেলায় বছরে প্রায় ৫শ’টন সুপারি উৎপান হচ্ছে। এর বাজার মূল্যে ২০ থেকে ২২ কোটি টাকা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার চাষীদের উৎপাদিত সুপারি যাচ্ছে সারা দেশে। চাষাবাদ এবং ব্যবসা ঘিরে এ খাতে কর্মসংস্থান হয়েছে অনেকের।
জানা যায়, ২০২০-২১ অর্থবছরে যেখানে ১ হাজার ১৫০ বিঘা জমিতে আবাদ হতো, চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ বিঘায়। এ বছর ৪৫০ থেকে ৫০০ টন পর্যন্ত সুপারি উৎপাদনের আশা করা হচ্ছে। বাজারে শুকনা সুপারি প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হওয়ায় সামগ্রিক বাজারমূল্য দাঁড়াচ্ছে প্রায় ২২ কোটি ২৫ লাখ টাকা। বিগত পাঁচ বছরের ব্যবধানে এখানে সুপারি আবাদের জমি বেড়েছে প্রায় ২৫০ বিঘা।
জেলার বিভিন্ন উপজেলায় দেখা যায়,কৃষকদের বাড়ির আঙিনা থেকে মাছের পুকুর ঘৈর,চাষাবাদের জমির আইলে এখন সারি সারি সুপারি গাছ। একদিকে জমি এবং পুকুরে বেড়া হিসাবে কাজ করে এই গাছ। অন্যদিকে তেমন কোন খরচ ছাড়াই এসব গাছ থেকে বছরে বিপুল পরিমাণ সুপারি পাওয়া যাচ্ছে। যা বিক্রি করে বছর শেষে কষকদের হাতে আসছে মোটা অংকের টাকা। কৃষকরা বাড়ি এবং স্থানীয় বাজারে চড়া দামে সুপারি বিক্রি করতে পারছেন।
এখানকার চাষীদের সুপারি ক্রয়-বিক্রয়ের জন্য জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে সপ্তাহে দুদিন (মঙ্গলবার ও শুক্রবার) হাট বসে সর্ববৃহৎ সুপারি বিক্রির মোকাম ।
পাটকেলঘাটা বাজারের আড়তদার হযরত আলী জানান, প্রতি হাটে তার আড়তেই ২০ থেকে ২৫ লাখ টাকার সুপারি বেচাকেনা হয়। স্থানীয় ব্যবসায়ী ছাড়াও খুলনা ও যশোর থেকে পাইকারেরা এসে এখান থেকে পান ও সুপারি সংগ্রহ করেন।
তালা উপজেলার কুমিরা গ্রামের কৃষক অরবিন্দু কুমার জানান, তিন বিঘা জমিতে অন্য ফলদ গাছের সঙ্গে সাথী ফসল হিসেবে সুপারি চাষ করে তিনি বছরে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় করছেন। স্থানীয় পাইকারেরা সরাসরি বাগান থেকেই সুপারি কিনে নেন।
এই চাষীর মতো জেলায় অনেক চাষী এখন সুপারি বিক্রির টাকায় ভাল আয় করছেন। যা তাদের সংসার খরচ সহ চাষাবাদে বাড়তি যোগান দিচ্ছে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ জানান, উপকূলের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে কৃষকেরা সুপারি চাষে এগিয়ে আসছেন। বসতভিটা ও সাথী ফসল হিসেবে সুপারির আবাদ বাড়ায় গ্রামীণ অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে।
কৃ/স/জয়