উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাঠে মাঠে শুরু হয়েছে আলু চাষাবাদ। কৃষকরা এ চাষাবাদ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। একদিকে চলছে চাষাবাদ। অন্যদিকে বীজ বপন। তারা আশা করছেন,আগাম আলু বিক্রি করে তারা লাভবান হবেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উল্লাপাড়ায় আলু চাষের জন্য মোট ১০৩৮ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৪৫০ হেক্টর জমিতে আলু বপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। চলতি মাসজুড়ে চলবে আলু বপন।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, ভোরে কুয়াশা ভেদ করে কৃষকেরা ট্রাক্টর ও পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করছেন। এরপর পরিবারের সদস্যদের সাথে নিয়ে সারিবদ্ধভাবে আলু বীজ বপন, সার প্রয়োগ ও সেচ দেওয়ার কাজ করছেন তারা।
অনেক মাঠে বন্যার পানি নেমে যাবার পর পরই আলু চাষাবাদ করেছেন চাষীরা। তাদের আগাম আলু গাছ বেশ বড় হয়েছে। সেগুলোতে কিটনাশক স্প্রে করছেন চাষীরা। তারা আশা করছেন আগাম আলু তুলে প্রতি বছরের মতো লাভবান হবেন।
উপজেলার চরপড়া গ্রামের কৃষক জহুরুল ইসলাম জানান,তিনি এবার দেড় বিঘা জমিতে আলু চাষাবাদ করছেন। ইতোমধ্যে এক বিঘাতে বীজ বপন করেছেন। বাকী জমিতে এখন বীজ বপন করছেন। এ চাষী বলেন,গত বছর আলু চাষ করে তেমন লাভ হয়নি। কোন রকম খরচের টাকা উঠলেও এবার চাষাবাদে বাড়তি খরচ হচ্ছে তার। বাজারে গত বারের মত দাম থাকলে চাষাবাদের খরচ তোলা কঠিন হবে বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমীন সুমি জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের নিয়মিত পরামর্শ ও মাঠপর্যায়ে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। আবহাওয়া এভাবেই অনুকূলে থাকলে চলতি মৌসুমে উল্লাপাড়ায় আলুর বাম্পার ফলন হবে।
কৃ/স/জয়