সাতক্ষীরা সংবাদদাতাঃ
মাঠের পর মাঠজুড়ে আমন ধান। আবহাওয়া অনুকূল থাকায় ভাল ফলনও দেখা যাচ্ছে। কিন্তু ইঁদুরের দল সেই ধানগাছের শীষ কেটে সাবাড় করে দিচ্ছে। কৃষকরা ইঁদুর নিধনে নানা চেষ্টা করেও ফসল রক্ষা করতে হিমশিম খাচ্ছে। সাতক্ষীরার তালা উপজেলার মাঠে মাঠে আমন ধানে এমন ইঁদুরের আক্রমন দেখা দিয়েছে। এতে চাষীরা কাঙ্খিত ফলন পাওয়া নিয়ে চরম শঙ্কায় পড়েছেন।
জানা গেছে, তালা উপজেলার পাটকেলঘাটা, মাগুরা, খলিলনগর, তেঁতুলিয়া, নগরঘাটা ও হরিণখোলা এলাকার আমন ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়েছে। জমিতে ইঁদুরের আক্রমণে ধানগাছ কেটে নষ্ট হওয়ায় অনেক কৃষককে বাড়তি লোকসানের আশঙ্কা নিয়ে দিন কাটাতে হচ্ছে।
ইতোমধ্যে ইঁদুরের আক্রমণে প্রায় পাঁচ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলা কৃষি কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্রের দাবি করেন।
ইঁদুরের আক্রমন দেখা দেয়ায় চাষীরা ফসল বাচাতে নানা প্রদ্ধতি অবলম্বন করলেও কোন কাজ হচ্ছে না। এমন অবস্থায় চাষীরা বাড়তি খরচে সার,বীজ,কিটনাশক,শ্রমিকের খরচ দিয়ে চাষাবাদ করা ফসলে চরম ক্ষতির আশঙ্কা করছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, উপজেলা কৃষি কার্যালয়ে যোগাযোগ করেও তারা মাঠপর্যায়ে কর্মকর্তাদের পর্যাপ্ত উপস্থিতি ও কার্যকর পরামর্শ পাচ্ছেন না। ফলে ব্যক্তিগত উদ্যোগে ইঁদুর দমনের চেষ্টা চালাতে হচ্ছে কৃষকদের।
সরুলিয়া ইউনিয়নের রাজবংশীপাড়ার কৃষক রাজকুমার সরকার বলেন, ইঁদুরের আক্রমণে ব্যাপক ক্ষতি হচ্ছে। এ সমস্যা থেকে ফসল রক্ষার কার্যকর উপায় জানতে কৃষি বিভাগের সহযোগিতা প্রত্যাশা করলেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাচ্ছে না।
উপজেলার খলিশখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের কৃষক শাহিনুর রহমান মোড়ল ও বাগমারা গ্রামের গাজী আবদুল সাত্তার জানান, বিভিন্ন পদ্ধতিতে ইঁদুর দমনের চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ইঁদুরের আক্রমণে জমির পর জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন,ইঁদুরের আক্রমণ থেকে ফসল রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। বিষটোপ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত মাত্রা ও নিরাপত্তাবিধি অনুসরণ করতে হবে, যাতে মানুষ, গবাদিপশু ও অন্যান্য উপকারী প্রাণীর ক্ষতি না হয়। একই এলাকার কৃষকদের সম্মিলিতভাবে ইঁদুর দমন কার্যক্রম পরিচালনা করলে এর কার্যকারিতা বাড়বে। ইঁদুর দমনে ব্যক্তিগতভাবে বিচ্ছিন্ন উদ্যোগ না নিয়ে এলাকাভিত্তিক সমন্বিত ব্যবস্থা নিতে হবে।
ধানক্ষেত ও জমির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ইঁদুরের গর্ত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং নিয়মিত ফসলের মাঠ পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি ফাঁদ ব্যবহার ও কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী অনুমোদিত ইঁদুরনাশক সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে।
কৃ/স/জয়