কৃষি সময়
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নদীর পাড় কেটে তরমুজ রক্ষার চেষ্টা

পটুয়াখালী সংবাদদাতাঃ 
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন চরাঞ্চলে ফসল রক্ষায় বাঁধ নির্মাণ করতে গিয়ে কাটা হচ্ছে নদীর পাড়ের মাটি। এতে বাড়ছে নদীভাঙনের আশঙ্কা। ফসল বাঁচাতে গিয়ে হারিয়ে যেতে পারে বিপুল পরিমাণ চাষের জমি। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চর ফেডারেশন, চর শৌলা, ডুবা চর, আগলা চর, চর মোয়াজ্জেম, চর ব্যারেট, রায়সাহেব, দিয়ারা কচুয়া, চর নিমদী, চর মমিনপুর, মঠবাড়িয়ার চর ও চর বাসুদেব পাশাসহ বিভিন্ন চরাঞ্চলে তরমুজ চাষের প্রস্তুতি চলছে। এসব এলাকায় প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১২ হেক্টর জমিতে আগাম জাতের তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন চরাঞ্চলে অন্তত ২০টি চরে ভেকু মেশিন দিয়ে অবাধে নদীর পাড়ের মাটি কেটে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এতে নদীর তীর দুর্বল হয়ে পড়ছে। কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। চরাঞ্চলে একদিকে চলছে তরমুজ চাষের প্রস্তুতি, অন্যদিকে নদীর পাড়জুড়ে ভেকু মেশিনের দাপট। যে নদীর পানি ও পলিতে গড়ে উঠেছে উপকূলের বিস্তীর্ণ কৃষিজমি, সেই নদীর পাড় কেটেই এখন তরমুজ ক্ষেত রক্ষার চেষ্টা করছেন চাষিরা। এতে নদীর তীর দুর্বল হয়ে পড়ছে। কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন।

সরেজমিন তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে দেখা গেছে। চর ফেডারেশনের পূর্ব পাশে প্রিন্স নামের এক চাষি প্রায় ৪০ একর জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিচ্ছেন। তিনি চট্টগ্রাম থেকে ভেকু মেশিন ভাড়া এনে নদীর পাড় কেটে বাঁধ নির্মাণ করছেন। প্রিন্স জানান, স্থানীয় ওমর মুন্সী নামের এক ব্যক্তির কাছ থেকে জমি লিজ নিয়েছেন তিনি।

জোয়ারের পানি থেকে ক্ষেত রক্ষায় নদীর পাড় ঘেঁষে বাঁধ নির্মাণ করছেন চাষিরা। তবে বাঁধ তৈরির জন্য অন্য উৎসের মাটি ব্যবহার না করে নদীর পাড় থেকেই মাটি কাটার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা বলছেন, তরমুজ চাষ উপকূলের কৃষকদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবলম্বন। কিন্তু সেই ফসল রক্ষার নামে নদীর পাড় কাটা অব্যাহত থাকলে একসময় হারিয়ে যেতে পারে চাষের জমি, বসতভিটা ও জীবিকার উৎস।
এ বিষয়ে পরিবেশবিষয়ক সংগঠন সেভ দ্য বি অ্যান্ড বার্ডসের পরিচালক এম এ বাশার বলেন, নদীর তলদেশ ও তীর থেকে মাটি কাটা বেআইনি। এতে নদীর তলদেশ গভীর হয়, পানি প্রবাহের গতি বাড়ে এবং ভাঙন তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, তরমুজ অর্থকরী ফসল হলেও অপরিকল্পিতভাবে নদীর পাড়ের মাটি কাটলে তীরের স্থিতিশীলতা নষ্ট হয়। এতে আবাদি জমি হারানোর পাশাপাশি কৃষকের জীবিকাও ঝুঁকিতে পড়তে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, নদীর পাড় কেটে বাঁধ নির্মাণে কৃষকদের নিরুৎসাহিত করা হয়েছে। এরপরও কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

1

ফরিদপুরে পেঁয়াজ পচে ক্ষতিগ্রস্থ চাষীরা

2

কাজে আসছে না কোটি টাকার ডাস্টবিন

3

সার পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টায় কৃষক দল নেতা!

4

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া বিক্রি

5

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা

6

ধামরাইয়ে অবৈধ দুই ইটভাটায় অভিযান

7

ধামরাইয়ে দুই ইটভাটাকে জরিমানা

8

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

9

৪৯২ বস্তা ইউরিয়া সার সহ আটক ৮

10

বেগুন ক্ষেতে বিষ প্রয়োগ

11

মাছ চাষে কালামের ঈশ্বনীয় সফল্য

12

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর প্রশিক্ষণ শুরু

13

যে হাটে বিক্রি হয় মানুষ

14

রঙিন মাছ ও সমন্বিত খামারে রাহুলের ভাগ্য বদল

15

দখল-দূষণে অস্তিত্ব সংকটে হরিপাশা খাল

16

বাঘের হামলায় স্বামীহারা ৩১ পরিবার পেল ছাগল

17

বালুতে ঢাকা পড়েছে চাষাবাদের জমি

18

লোশেডিংয়ে বিপাকে দেশের পোলট্রি খামারীরা

19

গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ট মানুষ

20