কৃষি সময় ডেস্কঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদুড়িয়া বিলে পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসব উপলক্ষে সকাল থেকেই বিলপাড়ে পলো, হুসা ও জাল হাতে বিলে নামেন বিভিন্ন বয়সের শত শত মানুষ। কারও ইচ্ছা মাছ ধরা, কারও কাছে এটি বাপ-দাদার স্মৃতি ধরে রাখার আয়োজন। পানিতে পলো চেপে মাছ ধরার চেষ্টা, এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলা, কারও পলো কিংবা জালে মাছ ধরা পড়লে হুল্লোড় আর পরিচিতদের সঙ্গে আড্ডায় সময় কাটে তাদের। অনেকেই ফিরেন অল্প কিছু মাছ নিয়ে, কেউবা একেবারেই খালি হাতে। মানুষের ভিড়ে উৎসবের আমেজ থাকলেও মাছের স্বল্পতায় দাদুড়িয়া বিলের পলো বাওয়া উৎসবে এবার আনন্দের চেয়ে হতাশাই ছিল বেশি। শত বছর ধরে এ উৎসব চলে আসছে এ বিলকে ঘিরে। বিভিন্ন এলাকার মানুষ অপেক্ষায় থাকেন এ উৎসবের জন্য।
স্থানীয়দের ভাষ্য মতে, একসময় এ বিলে শিং, মাগুর, কই, বাইম, শোল, টাকি, পুঁটি, মলা ও ঢেলাসহ নানা দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত। কিন্তু এখন আর আগের মতো মাছ মেলে না। এবারের আয়োজনেও সেই পরিবর্তন স্পষ্ট হয়েছে বলে জানান তারা।
কৃ/স/জয়