কৃষি সময়
প্রকাশ : Nov 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

হারিয়ে যাচ্ছে সুস্বাদু বৈরালি মাছ

কুড়িগ্রাম সংবাদদাতাঃ 
কুড়িগ্রামের নদ-নদী থেকে হারিয়ে যেতে বসেছে বৈরালি মাছ। নদ-নদীর পানির প্রবাহ কমে যাওয়া, আবাসস্থলের পরিবর্তন ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকারের কারণে কমছে বৈরালির প্রজনন ও প্রাপ্যতা। অথচ এক সময় জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়তো এই মাছ। হারিয়ে যেতে বসা এই মাছ নিয়ে উদ্বেগ বাড়ছে জেলে ও নদীপাড়ের মানুষের মাঝে।

জানা যায,কুড়িগ্রাম জেলায় ছোট বড় ১৬টি নদ-নদী রয়েছে। এসব নদীতে এক সময় জাল ফেললেই ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে বৈরালি মাছ। তবে সময়ের পরিক্রমায় এখন আর সেই মাছের দেখা পাওয়া যাচ্ছে না। আবাসস্থল পরিবর্তন ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকারের কারণে কমছে এই মাছের প্রাপ্যতা। 

২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত রংপুর ও নীলফামারী অঞ্চলের তিস্তা নদীতে পরিচালিত এক গবেষণায় ১৭টি পরিবার ও ১০টি বর্গের মোট ৪৫ প্রজাতির বৈরালি মাছের সন্ধান পান গবেষকরা। ২০২১ সালের ডিসেম্বরে সৈয়দপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদু পানি উপ-কেন্দ্রের বিজ্ঞানীরা বৈরালির কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবনের কথা জানান। পরে ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রংপুর বিভাগের ছয়টি উপজেলার পুকুরে মাছটির মিশ্র চাষের সম্ভাবনা যাচাই করা হয়। গবেষণায় প্রতি শতক পুকুরে ৬০০টি পোনা ছেড়ে ১৫০ দিনে বৈরালির গড় ওজন পাওয়া যায় ১৬ দশমিক ৪ গ্রাম।

প্রাকৃতিক জলাশয়ে বৈরালির প্রাপ্যতা কমলেও কৃত্রিম প্রজনন ও চাষে সম্ভাবনা দেখছেন মৎস্য চাষিরা। রাজারহাটের নাজিমখাঁন এলাকার মৎস্য চাষি সিরাজুল ইসলাম বলেন, কৃত্রিম প্রজননের মাধ্যমে বৈরালি চাষ করা গেলে অনেক মৎস্য চাষি এ মাছ চাষে আগ্রহী হবেন।

স্থানীয় জেলে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাদে অতুলনীয় এই মাছটি স্থানীয় বাজারে এখনো বেশ জনপ্রিয় এবং আকারভেদে প্রতি কেজির দাম ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। আগে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদে বেশি বৈরালি পাওয়া গেলেও এখন আর আগের মতো মিলছে না।

বৈরালি স্বাদু পানির মাছ। পাহাড়ি ঝরনা, স্রোত, পাহাড়ের পাদদেশের অগভীর নদী এবং স্বচ্ছ ও স্রোতযুক্ত পানিতে এর বসবাস। এর দেহ লম্বাটে ও সরু হয়।

 রাজাহাট উপজেলার চর গতিয়াসাম গ্রামের দিলদার মিয়া (৭৮) বলেন, এক সময় তিস্তা নদীতে ঝাঁকে ঝাঁকে বৈরালি ধরা পড়ত এবং নদীতে জাল ফেললেই বৈরালি পাওয়া যেত। এখন আর সেই দিন নেই, বৈরালি মাছ আর আগের মতো পাওয়া যায় না। নদীতে পানি না থাকায় মাছ ভাটিতে চলে গেছে বলেও জানান তিনি।

একই গ্রামের মকবুল মিয়া (৮০) জানান, তার জীবনের দীর্ঘ সময় কেটেছে তিস্তা নদীতে মাছ ধরে। নদীর স্রোত ও মাছের বিচরণ তিনি কাছ থেকে দেখেছেন এবং তার স্মৃতিতে এখনো ভাসে বৈরালি মাছের ঝাঁক। তিস্তা ও ধরলা নদীর সুস্বাদু মাছ হিসেবে বৈরালির পরিচিতি দীর্ঘদিনের। আকারে ছোট হলেও স্বাদের কারণে অনেকে একে ‘তিস্তার ইলিশ’ বলেন। তিস্তা ও ধরলা ছাড়াও ব্রহ্মপুত্র নদে মাছটি এখনো পাওয়া যায়।

চিলমারীর রমনা ব্যাপারীপাড়া গ্রামের জেলে হরিস দাস (৬৭) দীর্ঘদিন তিস্তা ও ব্রহ্মপুত্রে মাছ ধরছেন। তার নিকট বৈরালি মাছ ধরা বাড়তি আয়ের সুযোগ। তিনি বলেন, বর্তমানে নদীতে পানি নেই। তার মধ্যে কারেন্ট জাল আর কারেন্ট শক দিয়ে মাছ মারার পদ্ধতি আসার পর বড় মাছের সাথে ছোট মাছও মরে যায়। কারেন্ট জাল আর কারেন্ট শক দিয়ে মাছ মারা বন্ধ না হলে এক সময় নদী থেকে মাছ উধাও হয়ে যাবে।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের তৈয়ব আলী (৬৫) জানান, আগে ব্রহ্মপুত্রে বৈরালি মাছ প্রচুর পাওয়া যেত। এখন আগের মতো আর পাওয়া যায় না এবং সারাদিন চেষ্টা করেও ১ কেজি মাছ পাওয়া যায় না।
স্থানীয় জেলেদের দাবি, নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন, পানি দূষণ, পলি জমে তলদেশের প্রকৃতি বদলে যাওয়া ও ক্ষতিকর জালের ব্যবহার বৈরালির আবাসস্থল ও প্রজননে ধীরে ধীরে প্রভাব ফেলছে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের প্রভাষক মো. আহসানুল হক বলেন, কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে আগের তুলনায় বৈরালির প্রাপ্যতা হ্রাস পেয়েছে। মাছটির স্বাভাবিক প্রজননের জন্য পানির স্বচ্ছতা ও স্রোত জরুরি। কিন্তু নদীর নাব্যতা সংকট, ভরাট ও দূষণের কারণে মাছটির আবাসস্থল পরিবর্তন হয়েছে। পাশাপাশি স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ায় আগের মতো আর বৈরালি পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদ থেকে বৈরালির পুষ্টিগুণ ঋতুভেদে পরিবর্তিত হয় কি না, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় গবেষণায় সীমাবদ্ধতা থাকলেও কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নদ-নদী ও মৎস্য সম্পদ নিয়ে কাজ চলছে।  

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌখিন মাছে রায়হানের রঙিন জীবন

1

জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর টিকে থাকা কঠিন

2

বর্ষণে ১৫ রোহিঙ্গার মৃত্যু

3

জলবায়ু পরিবর্তনে মহেশখালীর মানচিত্র বদলে যাচ্ছে

4

প্রকল্প শুরুর ৩ বছর ৩ মাস পর অনুষ্ঠিত হলো সমন্বয় সভা

5

তরমুজ চাষে মিজানের বাজিমাত

6

ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

7

ধানের দাম না থাকায় চাষীরা হতাশ

8

কুড়িগ্রামে সারের দাবীতে কৃষকদের হট্টগোল ভাঙচুর

9

১৯৮ বস্তা সার জব্দ

10

রঙিন মাছ ও সমন্বিত খামারে রাহুলের ভাগ্য বদল

11

ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

12

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

13

গোডাউনের তালা ভেঙে ৩৩০ বস্তা সার জব্দ

14

ত্রিশালে জমজমাট পলো উৎসব

15

মেঘনায় ধরা পড়ছে বড় বড় পাঙাশ

16

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

17

বৃষ্টিতে পৌনে ২ লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ

18

বাঁধের দুই কিলোমিটারজুড়ে সবজি চাষাবাদ

19

উৎপাদনকেন্দ্রিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাতে হব

20