কৃষি সময় প্রতিবেদকঃ
নিম্নচাপ ও ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ৩৬ জেলায় এখন পর্যন্ত পৌনে দুই লাখ হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। দেশের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছে ধানসহ শীতকালীন ফসলের জমি। এর মধ্যে সবচেয়ে বেশি আমন ধানের জমি। অসময়ের এমন দুর্যোগে ফসল ঘরে তোলার আগেই কৃষকরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন। বিশেষ করে পেঁয়াজ এবং আলু চাষীরা সবচেয়ে বেশি ক্ষীতগ্রস্থ হয়েছেন। অনেক জমিতে পানি আটকে পুরো চাষাবাদই নষ্ট হয়ে গেছে। এমন অবস্থায় চাষীরা হতাশ হয়ে পড়েছেন। অনেকেই আশা করছেন সরকারিভাবে প্রনোদনা পেলে আবার নতুন করে চাষাবাদ করবেন।
কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আক্রান্ত ফসলি জমির পরিমাণ ১ লাখ ৭৭ হাজার ৮৯৯ হেক্টর। এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৮৬৪ হেক্টর আমন ধানের। এছাড়া শীতকালীন ফসলের ৯ হাজার ৩৬৩ হেক্টর, সরিষার ১০ হাজার ৩, আলুর ১ হাজার ৭১৫ ও বোরো ধানের বীজতলা আক্রান্ত হয়েছে ১৭৭ হেক্টর। অন্যান্য ফসলের ২০ হাজার ৭৭৭ হেক্টর জমি আক্রান্ত হয়েছে।
ঘরে তোলার অপেক্ষায় মাঠে পাকা আমন ধান। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াইয়ের কাজ। আবার কোথাও নতুন করে আবাদ হচ্ছে শীতকালীন সবজি ও অন্যান্য ফসল। এমন সময় নিম্নচাপ ও ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টি ঝরে টানা কয়েকদিন। তাতেই বিপাকে পড়েছেন কৃষক। দেশের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছে ধানসহ শীতকালীন ফসলের জমি।
এবারের নিম্নচাপে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরগুনা জেলা। সেখানে বৃষ্টিপাতও বেশি হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপকূলীয় এ জেলায় এখনো প্রায় এক লাখ হেক্টর জমিতে আমন ধান রয়েছে। এর বড় একটি অংশই বৃষ্টিতে আক্রান্ত হয়েছে।
উপকূলীয় এ জেলায় এখনো প্রায় এক লাখ হেক্টর জমিতে আমন ধান রয়েছে। এর বড় একটি অংশই বৃষ্টিতে আক্রান্ত হয়েছে। আমনের পাশাপাশি খেসারি ডালের প্রায় সাড়ে চার হাজার হেক্টর, শীতকালীন সবজির দুই হাজার ও সরিষার ২৯ হেক্টর জমিও আক্রান্ত হয়েছে। তবে এসব জমিতে প্রকৃত ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে বরগুনায় আমনের একটি বড় অংশ পরিপক্ব হয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কা কম বলে মনে করছেন জেলা কৃষি কর্মকর্তারা।
আক্রান্ত জমির পরিমাণ বেশি হলেও এখনই প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ধারণ করা সম্ভব নয় বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। কারণ বৃষ্টির পর জমিতে পানি জমে থাকলেও অনেক ক্ষেত্রে দ্রুত পানি নেমে গেলে ফসলের বড় ধরনের ক্ষতি হয় না। বিশেষ করে পরিপক্ব আমন ধানের ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা তুলনামূলক কম। তবে ফুল বা শীষ বের হওয়ার পর্যায়ে থাকা ধানে বৃষ্টির প্রভাবে চিটা হওয়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে নিচু জমিতে পানি জমে থাকলে ডালজাতীয় ফসল ও শীতকালীন সবজির ক্ষতি হতে পারে বলে জানান তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা অতিরিক্ত সহকারী পরিচালক সানজিদা শারমিন বলেন, ‘এখন পর্যন্ত ৩৬টি জেলার তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে আরো দুই-তিনটি যুক্ত হতে পারে। আক্রান্ত জমির পরিমাণ বাড়তে বা কমতেও পারে। কেননা এটি আমাদের প্রাথমিক হিসাব। কিছু তথ্য যুক্ত হবে, আবার কিছু বাদও যেতে পারে। পূর্ণাঙ্গ চিত্র পেতে আরো দুই-তিনদিন সময় লাগবে।
’
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, বৃষ্টিতে কিছু ক্ষতি হলেও সামগ্রিক উৎপাদন ও বাজার সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই। আক্রান্ত জমির পরিমাণ দিয়ে প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ধারণ করা যাবে না। ফসলের অবস্থা পর্যবেক্ষণ এবং মাঠ পর্যায়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন জরুরি। একই সঙ্গে ফসলের ক্ষতির অজুহাতে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা সরবরাহে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে কিনা, সেদিকেও নজরদারি বাড়াতে হবে।
তিনি উল্লেখ করেন,‘অগ্রহায়ণের বৃষ্টিকে সাধারণত কৃষির জন্য নেতিবাচক হিসেবে বিবেচনা করা হয়। দেশে মোট ধান উৎপাদনের প্রায় ৪০ শতাংশ আসে রোপা আমন থেকে। কিন্তু বৃষ্টি ও বাতাসে মাঠের অনেক ধান নেতিয়ে পড়েছে। যেসব ধান কেটে মাঠে রাখা হয়েছিল, সেগুলোও বৃষ্টিতে ভিজেছে। আর যেসব জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, সেখানে পানি জমে ফসলের ক্ষতি হতে পারে। এতে ধানের গুণগত মান কিছুটা কমার আশঙ্কা রয়েছে। পেঁয়াজ, রসুন, কিছু ডালজাতীয় ফসল ও আলুর বড় একটি অংশ এখন চারা অবস্থায় রয়েছে। এসব ফসলের জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে চারা পচে যেতে পারে।
কৃ/স/জয়