কৃষি সময় ডেস্কঃ
পঞ্চগড় জেলায় আজ ‘চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলব একসঙ্গে’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে চা চাষি সম্মেলন ও মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দিনব্যাপী পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে সম্মেলন ও মিলন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
এদিন সকাল ১০টা থেকে চা চাষিদের নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বেলা ১১টায় জেলা চা বাগান মালিক সমিতির আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
আলোচনা সভায় বক্তারা বলেন, চায়ের গুণগত মান বজায় রাখতে সময়মতো সার প্রয়োগ এবং জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে। অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করে পরিবেশবান্ধব ও অর্গানিক পদ্ধতিতে চা উৎপাদনে গুরুত্ব দিতে হবে।
পাশাপাশি চায়ের মান বাড়াতে হাতে পাতা সংগ্রহের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে পাতা সংগ্রহে চাষিদের উৎসাহিত করা হচ্ছে। এ জন্য ঋণ ও অনুদানের মাধ্যমে চা পাতা সংগ্রহের মেশিন সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি চাষিরা যাতে উৎপাদিত চা পাতার ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে কর্মশালার মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এ সময় জেলা চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান, সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে জেলার ছয় শতাধিক চা চাষী অংশ নেন।
শেষ পর্বে বিকেলে চা চাষীদের নিয়ে কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
কৃ/স/জয়