কৃষি সময় প্রতিবেদকঃ
যশোরসহ খুলনা বিভাগের চার জেলার জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার এবং সেচসুবিধা সম্প্রসারণে ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে ৫ হাজার ২০০ হেক্টর জলাবদ্ধ জমি পানি নিষ্কাশন করে চাষের উপযোগী করাসহ মোট ১৭,২০০ হেক্টর জমিতে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের আওতায় আসবে।
প্রকল্পটির আওতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার ২১টি উপজেলায় জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশবান্ধব সেচব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে যশোরের আটটি, ঝিনাইদহের ছয়টি, মাগুরার চারটি এবং নড়াইলের তিনটি উপজেলা রয়েছে।
‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্প’ নামের এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০৩০ মেয়াদে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন করা হবে সরকারি অর্থে।
প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো জলাবদ্ধ বিলগুলো থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে ৫ হাজার ২০০ হেক্টর জমি চাষাবাদের উপযোগী করা। পাশাপাশি খাল পুনঃখনন, ফসল রক্ষা বাঁধ নির্মাণ, পুকুর পুনঃখনন, সোলার পাম্প স্থাপন, হাইড্রোলিক অবকাঠামো নির্মাণ এবং আধুনিক সেচপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেচসুবিধা সম্প্রসারণ করা হবে। প্রকল্পের প্রস্তাবনায় মোট ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচসুবিধা সম্প্রসারণের লক্ষ্য উল্লেখ করা হয়েছে। এর ফলে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে।
প্রকল্পের আওতায় ১৭০ কিলোমিটার খাল পুনঃখনন, ২৪ সেট পানি নিষ্কাশন পাম্প এবং ৩২৫ সেট সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক সেচপাম্প স্থাপন করা হবে। এ ছাড়া ৬ কিলোমিটার ভূগর্ভস্থ নিষ্কাশন নালা, ৪৩৯ দশমিক ৫ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে সেচ চ্যানেল, ১৩০টি হাইড্রোলিক স্থাপনা, ৪২ সেট ড্রিপ ও স্প্রিংকলার সেচপ্রযুক্তি এবং ১০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণের প্রস্তাব রয়েছে।
প্রকল্প এলাকার কৃষিজমিতে ধান, গম, পাট, ভুট্টা ও আখের পাশাপাশি পেঁয়াজ, রসুন, সরিষা, পেয়ারা, কুল, ড্রাগন ফল, ফুল ও বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয়। জলাবদ্ধতা নিরসন এবং সেচব্যবস্থার উন্নয়ন হলে এসব ফসলের উৎপাদন ও আবাদি জমির ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিএডিসির ক্ষুদ্রসেচ জরিপ প্রতিবেদন ২০২৬ অনুযায়ী, প্রকল্প এলাকার চার জেলায় মোট জমির পরিমাণ ৬ লাখ ৫৭ হাজার ৮৮০ হেক্টর। এর মধ্যে চাষযোগ্য জমি ৪ লাখ ৭৫ হাজার ২১৬ হেক্টর। বর্তমানে ৩ লাখ ৩১ হাজার ৭৭৭ হেক্টর জমি সেচের আওতায় রয়েছে; সেচবহির্ভূত জমির পরিমাণ ১ লাখ ৪৩ হাজার ৪৩৯ হেক্টর।
প্রকল্পের মাধ্যমে নদীর সঙ্গে সংযোগকারী খাল পুনঃখনন ও পানি নিষ্কাশন অবকাঠামো গড়ে তোলা হবে। এতে জলাবদ্ধ জমি পুনরায় চাষের আওতায় আসার পাশাপাশি ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়বে এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে। আধুনিক সেচপ্রযুক্তির ব্যবহার ও ৭২৫ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সেচের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অননুমোদিত প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ অর্থ বরাদ্দের সম্মতি পাওয়া গেছে এবং এর সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে।
আগামীকাল কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ প্রকল্প এলাকার ভবদহ বিল পরিদর্শনে যাবেন।
কৃ/স/জয়