কৃষি সময়
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বাসসঃ 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খাদ্য ও খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সুস্থ পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন।

তিনি বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। গত চার দশকে যেসব দেশ তাদের জনগণের পুষ্টি নিশ্চিত করতে পেরেছে, সেসব দেশের মানুষের শারীরিক সক্ষমতার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ও অন্যান্য ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সরকার একটি আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,   এ ক্ষেত্রে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে আসে।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাত এখন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে উঠছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।

তিনি এ খাতের উন্নয়নে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে দেশের খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। প্রাণিসম্পদ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের প্রায় ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। এছাড়া প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।

তিনি বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ প্রাণিসম্পদ খাতে স্বনির্ভর হওয়ার পাশাপাশি মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।
প্রধানমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ ও বাচ্চা উৎপাদনে সক্ষম হয়েছে এবং উর্বর ডিম রপ্তানিও শুরু করেছে।

ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য তুলে ধরে বলেন, এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। এ খাতের মূল চালিকাশক্তি খামারিদের মেধা, পরিশ্রম, নিষ্ঠা ও উদ্যোগ।

তিনি বলেন, খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান  দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।
পরে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে  জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়েছেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা দেওয়া হয়।

পদক প্রাপ্তরা প্রধানমন্ত্রী সঙ্গে গ্রুপ ফটোসেশানে অংশ নেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন, বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন (বিডিএফএফএ)-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

পরে প্রধানমন্ত্রী  তারেক রহমান  জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর  বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

রাজধানীতে কেন্দ্রীয় মেলার পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

1

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

2

১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল মৎস্য পদক

3

দুম্বা পালনে রাকিবের ভাগ্য বদল

4

বৃক্ষ মেলায় একটি বনসাই দেখতে ভিড়

5

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

6

২ হাজার কেজি পলিথিন পুড়িয়ে ধ্বংস

7

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

8

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

9

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

10

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

11

মাসে ৩ লাখ গাছ বিক্রি করেন মেহেদী

12

৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

13

পানচাষ বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতি

14

আমনে খরচ বাড়লেও দাম কমে হতাশ চাষিরা

15

মাগুড়ার পাটকাঠি যাচ্ছে বিভিন্ন জেলায়

16

মাচায় ঝুলছে হলুদ-কালো তরমুজ

17

কৃষক-ভূমিহীনদের জলবায়ু ন্যায্যতার দাবি

18

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

19

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

20