কৃষি সময় প্রতিবেদকঃ
সারা দেশের হিমাগারগুলোতে এখনো পড়ে আছে ১০ লাখ টন আলু। বেশি লাভের আশায় চাষী এবং ব্যবসায়ীরা এসব আলু সংরক্ষণ করেছিলেন। কিন্তু দাম না বাড়ায় তারা হিমাগার থেকে এসব আলু বের করেননি। দাম কমতে কমতে এখন সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে আলুর দর। এর সাথে যোগ হয়েছে দীর্ঘদিনে হিমাগার ভাড়া। সব মিলিয়ে আলু নিয়ে তাদের লোকশানের পাল্লাও ভারী হয়েছে। ইতোমধ্যে বাজারে নতুন আলু উঠতে শুরু করায় পুরাতন আলু নিয়ে বিপাকে পড়েছেন চাষীরা। বিশ্ব বাজারে তেমন আলু রপ্তানী না থাকায় প্রতি বছর লাখ লাখ টন আলু অবিক্রীত থেকে যাচ্ছে। বার বার আলু চাষে লোকশান দিয়ে চাষাবাদের আগ্রহ হারাচ্ছেন কৃষক।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে দেশে আলুর আবাদ হয়েছে ৪ লাখ ৬৫ হাজার হেক্টর জমিতে। চলতি মৌসুমে ৪ লাখ ৫৯ হাজার হেক্টরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সে হিসেবে এবার আবাদের জমি ৬ হাজার হেক্টর কমিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর ২০২৪-২৫ অর্থবছরে আলুর আবাদ হয়েছিল ৪ লাখ ৯৪ হাজার ৯১২ হেক্টর জমিতে। অর্থাৎ মাত্র দুই মৌসুমের ব্যবধানে আলুর আবাদ কমছে প্রায় ৩৫ হাজার ৯০০ হেক্টর।
সংশ্লিষ্টরা বলছেন, আলু অনেক দেশে প্রধান খাদ্য হলেও বাংলাদেশে মূলত সবজি হিসেবেই ব্যবহৃত হয়। দেশে বর্তমানে যে পরিমাণ আলু উৎপাদন হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থেকে যাচ্ছে। অতিরিক্ত উৎপাদনে ভোক্তারা স্বস্তি পেলেও লোকসানে পড়ছেন কৃষক। ধারাবাহিক লোকসানে অনেক কৃষক আলু চাষে আগ্রহ হারাচ্ছেন। এমন অবস্থায় গত বছর যে পরিমাণ জমিতে আলুর আবাদ হয়েছে এবার তার চেয়ে ৬ হাজার হেক্টর কমিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) বলছে, নভেম্বর পর্যন্ত তাদের কাছে আলু রাখার কথা। যদিও এখনো প্রায় ৩০ শতাংশই স্টোরেজে রয়ে গেছে। এমন পরিস্থিতিতে কৃষকের লোকসানের পাশাপাশি এ শিল্পও লোকসানের ঝুঁকিতে রয়েছে। বাজারে বাড়ছে নতুন আলুর সরবরাহ। পুরনো আলুর তুলনায় ক্রেতারা নতুন আলু কিনতেই বেশি আগ্রহী। কিন্তু হিমাগারে এখনো সংরক্ষিত রয়েছে প্রায় ১০ লাখ টন আলু।
পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, সর্বশেষ মৌসুমে দেশে ১ কোটি ১২ লাখ ৭২ হাজার টন আলু উৎপাদন হয়েছে। সরকারি-বেসরকারি ৪০২টি হিমাগার ও ৭০৩টি অ-হিমায়িত মডেল ঘরে সংরক্ষণ করা হয়েছে ৩৩ লাখ ৯০ হাজার ৫৭ টন, যা মোট উৎপাদনের ২৮ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে ২৪ লাখ ৪৪ হাজার ১৪৮ টন খাবার ও ৯ লাখ ৪৫ হাজার ৯১০ টন বীজ আলু। বিসিএসএর হিসাবে, তাদের হিমাগারে এবার ৩২ লাখ ৮২ হাজার টনের বেশি আলু রাখা হয়েছে। যার মধ্যে এখনো ১০ লাখ টনের বেশি মজুদ আছে।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘আলুতে কৃষকের উৎপাদন ব্যয় কেজিতে প্রায় ২৫ টাকা। অথচ খুচরা বাজারেই বিক্রি হচ্ছে ২৫ টাকায়। লোকসানের ভয়ে কৃষকরা আলু তুলছেন না। কৃষক আলু না নিলে আমরা ভাড়া পাব না। গত বছরও দুই লাখ টন আলু তোলা হয়নি। আলুর বহুমাত্রিক ব্যবহার নেই, উৎপাদন বেশি, রফতানি নেই। আবার মানুষের রুচি পরিবর্তনে আলু খাওয়াও কমেছে। সব মিলিয়ে কৃষক-হিমাগার মালিক সবাই বিপদে। নভেম্বর পর্যন্ত হিমাগার চালানোর কথা। কিন্তু সংরক্ষিত আলুর প্রায় ৩০ শতাংশই এখনো কৃষক নেননি। আমরা ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত দেখব। এরপর না নিলে হয়তো হিমাগার বন্ধ করে দিতে হবে এবং সংরক্ষিত আলু একশ-দেড়শ টাকা বস্তা বিক্রি করে কোনো রকমে খালি করতে হবে। তবে আশা করছি, সপ্তাহ খানেকের মধ্যে বীজ আলুটা বের হয়ে গেলে মজুদের পরিমাণ কমবে।
কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সবজির বাইরে দেশে আলুর বহুমাত্রিক ব্যবহার নেই। রফতানিও সামান্য। প্রতি বছর লাখ লাখ টন আলু অবিক্রীত থেকে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আলু চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক।
জানা যায়, দেশে বছরে আলুর চাহিদা প্রায় ৯০ লাখ টন। অথচ সর্বশেষ মৌসুমে উৎপাদন হয়েছে প্রায় ১ কোটি ১৩ লাখ টন; আগের মৌসুমে ছিল ১ কোটি ১৫ লাখ এবং ২০২৩-২৪ অর্থবছরে ১ কোটি ৬ লাখ টন।
চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের এক গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের উৎপাদনের ৬৪ দশমিক ৪৬ শতাংশ আলু প্রক্রিয়াজাত করে। এর বড় অংশ হিমায়িত ফ্রেঞ্চ ফ্রাই, ফাস্টফুড শিল্পের চাহিদা পূরণ করে। এছাড়া কানাডা ৬৮ শতাংশ, জার্মানিতে মোট উৎপাদনের ৭০-৮০ শতাংশ, বেলজিয়ামে ৮০ শতাংশ, চীন ১৫ শতাংশ এবং পার্শ্ববর্তী দেশ ভারতে এ হার ৭ শতাংশ।
স্টাটিস্টার তথ্য বলছে, ২০৩০ সালে আলুর বৈশ্বিক প্রক্রিয়াজাত বাজার ৫১ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। ২০১৯ সালে এ বাজারের আকার ছিল ৩১ বিলিয়ন ডলার।
বিশ্বে চিপস, বিস্কুট, স্টার্চ, বায়োপ্লাস্টিক, মেডিকেলসহ বিভিন্ন খাতে আলুর ব্যবহার বাড়ছে। তবে বাংলাদেশে এখনো সেভাবে আলুর ব্যবহার গড়ে ওঠেনি। বেসরকারি খাতের প্রতিনিধিদের দাবি, বাংলাদেশে সবজি ছাড়া আলুর ব্যবহার চিপস, বিস্কুট, ফ্রাই ও পশুখাদ্য হিসেবে। তবে এ চাহিদা উৎপাদনের তুলনায় খুবই নগণ্য। তারা বলছেন, দেশে উৎপাদিত আলুর মাত্র ৩-৫ শতাংশ শিল্পে ব্যবহৃত হচ্ছে। ফলে উদ্বৃত্ত আলু কাজে লাগানো যাচ্ছে না।
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন,আলুচাষীরা বছরের পর বছর লোকসান গুনছেন। উদ্বৃত্ত আলু নিয়ে একধরনের হাহাকার তৈরি হয়। আলু রফতানি হয় মোট উৎপাদনের ১ শতাংশেরও কম। কৃষক যখন ধারাবাহিক লোকসানে থাকেন তখন সেই ফসল চাষে আগ্রহ হারিয়ে ফেলেন।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান,সরকার চায় কৃষক তার সব পণ্যের ন্যায্যমূল্য পাক। সেজন্য অঞ্চলভিত্তিক চাহিদা নিরূপণ করে ডেটাবেজ অনুযায়ী পণ্য উৎপাদনে কাজ করছি। পাশাপাশি কৃষিজ পণ্যের রফতানি ও বহুমুখী ব্যবহার বাড়ানোতে জোর দেয়া হচ্ছে। কৃষকরা বাজারের চাহিদা সম্পর্কে জানেন না। চাহিদার চেয়ে তাদের উৎপাদন বেশি হলে বিক্রি হয় না, দাম কমে যায়। আলুও তেমন হয়েছে। আমরা পণ্যভিত্তিক সঠিক চাহিদা নির্ণয়ে কাজ করছি। এর জন্যই কৃষক কার্ড। সরকার টিসিবির মাধ্যমে আলু বিক্রি করতে চেয়েছে। কিন্তু খোলাবাজারে দাম কম হওয়ায় মানুষ টিসিবির আলু খায়নি।
কৃ/স/জয়