ফেনী সংবাদদাতাঃ
ফেনীতে মৌসুমে প্রথমবার ব্রি-ধান ১০৯ জাতের ধান চাষাবাদে ভাল ফলন পেয়েছেন কৃষকরা। বিঘা প্রতি ২৪.৭৬ মণ হিসাবে এই ধানের ফলন মিলেছে। যা এখানকার কৃষকদের আরো বেশি জমিতে চাষাবাদের আগ্রহের জন্ম দিয়েছে।
জানা যায়, সোনাগাজী উপজেলায় চলতি আমন মৌসুমে বিভিন্ন ব্লকে মোট ৫৭ একর জমিতে ব্রি-১০৯ জাতের ধান চাষ করা হয়েছে। প্রতিটি ব্লকে এক একর করে প্রদর্শনী প্লট স্থাপন করা হয়। বর্তমানে এসব জমিতে ধান কাটার কাজ চলছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সোনাগাজী আঞ্চলিক কার্যালয় ও পার্টনার প্রকল্পের উদ্যোগে এসব জমিতে প্রর্দশনী দেয়া হয়।
ইতোমধ্যে উপজেলার দক্ষিণ চর চান্দিয়া এলাকায় প্রর্দশনী দেয়া জমিতে মাঠ দিবসে নমুনা ধান কাটা ও ফলন পরিমাপ করে ভাল ফলন পাওয়া গেছে।
উপজেলার দক্ষিণ চর চান্দিয়া এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সোনাগাজী আঞ্চলিক কার্যালয় ও পার্টনার প্রকল্পের উদ্যোগে আয়োজিত মাঠ দিবসে নমুনা ধান কাটা ও ফলন পরিমাপ করা হয়। এ সময় ব্রির উদ্ভাবিত ব্রি-১০৯ জাতের ধানের গুণাগুণ ও বৈশিষ্ট্যও তুলে ধরা হয়। জাতটি একটি উচ্চফলনশীল রোপা আমন ধান। এর জীবনকাল গড়ে ১৩২ দিন, ফলন হেক্টরপ্রতি প্রায় ৬ দশমিক ২ টন। অনুকূল পরিবেশ ও যথাযথ পরিচর্যায় এ জাত থেকে হেক্টরপ্রতি সর্বোচ্চ আট টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব বলে জানান বিজ্ঞানীরা। ধানের দানা লম্বা ও চিকন হওয়ায় বাজারমূল্যের দিক থেকেও জাতটির সম্ভাবনা রয়েছে।
এ উপজেলার কৃষকরা আমন মৌসুমে প্রথমবার চাষ করে উচ্চফলনশীল ব্রি ধান-১০৯ জাতের ভালো ফলন পেয়েছেন। নমুনা ধান কাটার পর ২০ বর্গমিটার জমিতে ১৩ দশমিক ৮৭ কেজি শুকনো ধান পাওয়া গেছে। হিসাব অনুযায়ী, হেক্টরপ্রতি ফলন দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ টন, আর বিঘাপ্রতি ২৪ দশমিক ৭৬ মণ। নতুন জাতের ধানের এমন ফলনে সন্তুষ্ট স্থানীয় কৃষক। আগামী আমন মৌসুমে আরো বেশি জমিতে ব্রি-১০৯ চাষের কথা জানিয়েছেন তারা।
দক্ষিণ চর চান্দিয়া এলাকার কৃষক আবু সাঈদ রুবেল, আবদুর রাজ্জাক ও নয়ন চন্দ্র দাস এবার প্রথমবারের মতো নিজেদের জমিতে ব্রি-১০৯ চাষ করেন। নমুনা জমির ফলন পরিমাপ করে বিঘাপ্রতি প্রায় ২৫ মণ ধান পাওয়ার হিসাব আসে। মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষক-কৃষাণীও ফলনে সন্তোষ প্রকাশ করেন।
ব্রির সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভুঁইয়া বলেন, নতুন জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ পর্যায়ে প্রদর্শনী ও পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকরা যাতে সঠিক পরিচর্যার মাধ্যমে ভালো ফলন পান, সেজন্য বিজ্ঞানী ও কৃষি কর্মকর্তারা নিয়মিত সহযোগিতা করছেন। দক্ষিণ চর চান্দিয়ায় ব্রি-১০৯ জাতের ধানের নমুনা কাটার পর বিঘাপ্রতি ২৪ দশমিক ৭৬ মণ ফলন পাওয়া গেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। এ ফলন ধরে রাখা গেলে এলাকার খাদ্য উৎপাদন ও কৃষকের আয় বাড়বে। পার্টনার প্রকল্প ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে কৃষকদের কাছে নতুন ও উচ্চফলনশীল জাত পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।
কৃ/স/জয়