বাগেরহাট সংবাদদাতাঃ
পর্যটন মৌসুমের শুরুতেই পূর্ব সুন্দরবনের ট্যুরিস্ট স্পটগুলো বর্জ্যমুক্ত রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন ট্যুর অপারেটররা। তিন দিনব্যাপী এ বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে ট্যুর অপারেটর অব সুন্দরবনের (টোয়াস)।
সোমবার সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র কটকা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান।
প্রথম দিনের অভিযানে কটকা অভয়ারণ্য ও পর্যটন এলাকা থেকে বিপুল পরিমান প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত এসব বর্জ্য সংরক্ষণ করে লোকালয় নিয়ে ধ্বংস করা হবে বলে জানিয়েছে বন বিভাগ ও টোয়াস।
উদ্বোধন অমুষ্ঠানে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটকদের আনন্দময় ভ্রমণ ও তাদের আকর্ষণ বাড়াতে বর্জ্য অপসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তৃতা করেন খুলনা সদর রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু, টোয়াসের সভাপতি মইনুল ইসলাম জমাদ্দার, সেক্রেটারি মাজহারুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল পপলু, দপ্তর সম্পাদক শাহেদ মো. ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেদী ইসলাম রকি।
সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় টোয়াসের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। এ কার্যক্রম অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতা করবে বন বিভাগ।
বন বিভাগ ও টোয়াস সূত্র জানায়, প্রতি বছর পর্যটন মৌসুমে সুন্দরবনে দেশি-বিদেশি মিলিয়ে কমপক্ষে দুই লাখ পর্যটক ভ্রমণ করে থাকেন। এসব পর্যটকদের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। সুন্দর পরিবেশ সৃষ্টি বজায় থাকলে সুন্দরবনে দিন দিন আরও বৃদ্ধি পাবে পর্যটকের সংখ্যা।
কৃ/স/জয়