কৃষি সময় ডেস্কঃ
লালমনিরহাট জেলাব্যাপী তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে এ বীজ বপন কর্মসূচি শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার চাঁদনী বাজারসংলগ্ন ডিসি পার্কে নিজ হাতে তালবীজ রোপণের মাধ্যমে মন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন। সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ নামে একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
‘বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো’ স্লোগানকে সামনে রেখে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের উদ্যোগে জেলার পাঁচটি উপজেলায় একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃ/স/জয়