কৃষি সময়
প্রকাশ : Nov 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষিপণ্য রফতানি আয়ের আড়াই গুণের বেশি খরচ খাদ্যশস্য আমদানিতে

কৃষি সময় প্রতিবেদকঃ 
বাংলাদেশের কৃষিপণ্যের আমদানি ও রফতানির পরিসংখ্যানে বিরাজ করছে আকাশ-পাতাল ব্যবধান। একদিকে পাট ও পাটজাত পণ্য, আলু, সবজি, ফল ও সুগন্ধি চাল রফতানি করে দেশ বৈদেশিক মুদ্রা আয় করছে। অন্যদিকে খাদ্য চাহিদা, পশুখাদ্য এবং শিল্পের কাঁচামালের জোগান দিতে বিপুল পরিমাণ গম, সয়াবিন, তুলা ও ভুট্টা আমদানি করতে হচ্ছে। এতে কৃষিপণ্য রফতানি থেকে আয় বাড়লেও বিশাল আমদানি ব্যয়ের বিপরীতে তা অত্যন্ত সীমিত।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে কৃষিপণ্য রফতানি থেকে আয় হয়েছে ৯৭৮.১ মিলিয়ন ডলার, যা প্রায় ১২ হাজার ২৬৬ কোটি টাকার সমান। বিপরীতে শুধু খাদ্যশস্য আমদানিতেই ব্যয় হয়েছে ২ হাজার ৫৭৫.৭ মিলিয়ন ডলার বা প্রায় ৩২ হাজার ৩০৩ কোটি টাকা। অর্থাৎ কৃষিপণ্য রফতানি থেকে অর্জিত মোট আয়ের প্রায় ২.৬৩ গুণ অর্থ ব্যয় হয়েছে শুধু খাদ্যশস্য আমদানিতে।

রফতানির শীর্ষে পাট, বাড়ছে প্রক্রিয়াজাত পণ্যের গুরুত্ব: 
বাংলাদেশের কৃষিভিত্তিক রফতানিতে পাট ও পাটজাত পণ্যের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত চার অর্থবছরে এ খাতের রফতানির পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে ১ লাখ ৭২ হাজার ৭১০ মেট্রিক টন পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছিল। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে ১ লাখ ৮৭ হাজার ৯৮৯ টন এবং ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৯৮ হাজার ১৬২ টনে দাঁড়ায়। ২০২৫-২৬ অর্থবছরে রফতানি একলাফে বেড়ে ৫ লাখ ২ হাজার ৯৮৬ টনে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রফতানি থেকে আয় হয়েছিল ৯০৯.৭ মিলিয়ন ডলার, যা ২০২৫-২৬ অর্থবছরে ৮.৯ শতাংশ বেড়ে ৯৯১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তবে কাঁচা পাটের রফতানিতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে ৭২ হাজার ৫৪০ টন কাঁচা পাট রফতানি হলেও ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ২৯ হাজার ৩৪২ টনে নেমেছে। এতে কাঁচামাল হিসেবে পাট রফতানির চেয়ে প্রক্রিয়াজাত ও মূল্য সংযোজিত পণ্য রফতানির গুরুত্ব বাড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

পাটের পর উল্লেখযোগ্য রফতানি পণ্যের মধ্যে রয়েছে আলু, সয়াবিন মিল ও কটন কম্বার নয়েল। আলু রফতানিতে ওঠানামা দেখা গেছে; ২০২২-২৩ অর্থবছরে ২৯ হাজার ৬১৬ মেট্রিক টন, ২০২৩-২৪ অর্থবছরে ১১ হাজার ৪৬৬ টন, ২০২৪-২৫ অর্থবছরে ৫৫ হাজার ৫৪ টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৮ হাজার ২২৬ মেট্রিক টন আলু রফতানি হয়েছে। চলমান ২০২৬-২৭ অর্থবছরে এখন পর্যন্ত ৬ হাজার ৮৮৬ টন আলু রফতানি হয়েছে। সয়াবিন মিল ২০২২-২৩ অর্থবছরে ৩১ হাজার ৫৭৯ মেট্রিক টন থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ৩৫ হাজার ৯৭৯ টনে দাঁড়ায় এবং চলমান অর্থবছরে প্রায় ২৪ হাজার টন রফতানি হয়েছে। কটন কম্বার নয়েল ২০২৪-২৫ অর্থবছরে ১৫ হাজার ৪৭১ মেট্রিক টন থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ২৪ হাজার ৫৭ টনে পৌঁছেছে এবং চলমান বছরে ৭ হাজার ৯৫৮ টন রফতানি হয়েছে। এ ছাড়া শীর্ষ রফতানির অন্যান্য কৃষিপণ্যের মধ্যে রয়েছে সুপারি, বাঁধাকপি, সুগন্ধি চাল, পানপাতা ও মুড়ি।

সামগ্রিক কৃষিপণ্য রফতানি আয় কমেছে
পণ্যভিত্তিক কিছু রফতানিতে প্রবৃদ্ধি থাকলেও সামগ্রিক কৃষিপণ্য রফতানি আয়ে ইতিবাচক চিত্র নেই। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে কৃষিপণ্য রফতানি থেকে আয় হয়েছিল ৯৯০.৪ মিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা ১.২ শতাংশ কমে ৯৭৮.১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তবে কয়েকটি খাতে রফতানি আয় বেড়েছে। সবজি রফতানি আয় ৮০.৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৮৮.৩ মিলিয়ন ডলার হয়েছে। ফল ও ফুল রফতানি আয় ৬৭.৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে ১২৭.৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে। মসলা রফতানি আয়ও ১৪.৯ শতাংশ বেড়ে ৬৪.৭ মিলিয়ন ডলার হয়েছে। বিপরীতে তামাক রফতানি আয় ২১.৯ শতাংশ কমে ১৯৭.৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আমদানির শীর্ষে গম, সয়াবিন, তুলা ও ভুট্টা
দেশের কৃষিপণ্য আমদানির তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে গম। খাদ্য চাহিদা পূরণে ২০২২-২৩ অর্থবছরে ৫০ লাখ ১৫ হাজার ৯২৫ টন এবং ২০২৩-২৪ অর্থবছরে ৬৭ লাখ ৫৫ হাজার ৮৪৭ টন গম আমদানি হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি কিছুটা কমে ৫৯ লাখ ১৮ হাজার ১৯৫ টনে নামলেও ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ৭৪ লাখ ৯ হাজার ১০ টনে দাঁড়ায়। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে গম আমদানিতে ব্যয় হয়েছিল ১ হাজার ৬২৩.৭ মিলিয়ন ডলার, যা ২০২৫-২৬ অর্থবছরে ২৬.১ শতাংশ বেড়ে ২ হাজার ৪৬.৯ মিলিয়ন ডলার বা প্রায় ২৫ হাজার ৬৭১ কোটি টাকায় পৌঁছেছে।

আমদানির পরিমাণের দিক থেকে এরপর রয়েছে সয়াবিন, তুলা ও ভুট্টা। ২০২৫-২৬ অর্থবছরে দেশে ২৩ লাখ ৪৪ হাজার ৬৭৬ টন সয়াবিন, ১৬ লাখ ৯৭ হাজার ৬১৮ টন তুলা এবং ১৫ লাখ ১৩ হাজার ৬৯৮ টন ভুট্টা আমদানি হয়েছে। ভুট্টা আমদানি ২০২২-২৩ অর্থবছরে ১৪ লাখ ৬৯ হাজার ১৫২ মেট্রিক টন থেকে ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৯৪ হাজার ৫৮৫ মেট্রিক টনে নেমে গেলেও ২০২৪-২৫ অর্থবছরে ১৪ লাখ ৫৯ হাজার ৭৭১ টনে এবং ২০২৫-২৬ অর্থবছরে ১৫ লাখ ১৩ হাজার ৬৯৮ টনে পৌঁছায়; চলমান বছরে তা ২ লাখ ১০ হাজার ৭৬৬ টন হয়েছে। সয়াবিন এক্সট্র্যাকশন ২০২২-২৩ অর্থবছরে ৩ লাখ ৭৬ হাজার ৫২৭ টন থেকে বেড়ে ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৩২ হাজার টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ২১ হাজার ৯১১ টন হয়; চলমান অর্থবছরে তা ২ লাখ ৮৫ হাজার ৮৫৬ টন আমদানি হয়েছে।

শীর্ষ কৃষি বা খাদ্যপণ্য আমদানির তালিকায় ডাল, গমের ভুসি, হলুদ মটর, নন-বাসমতি সিদ্ধ চাল ও রসুন রয়েছে। তবে পেঁয়াজ আমদানি এখন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। ২০২২-২৩ অর্থবছরে ৭ লাখ ৪৪ হাজার ৪১১ টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ৮৬ হাজার ৫৭২ টন পেঁয়াজ আমদানি হলেও চলমান অর্থবছরে মাত্র ১৬১ টন আমদানি হয়েছে।

শিল্পের কাঁচামালেও হাজার কোটি টাকার চাপ
খাদ্যশস্যের পাশাপাশি বস্ত্র ও ভোজ্যতেল শিল্পের কাঁচামাল আমদানি বৈদেশিক মুদ্রার ওপর বড় চাপ তৈরি করছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল কাঁচা তুলা আমদানিতে ব্যয় ২০২৪-২৫ অর্থবছরের ৩ হাজার ৪৫৫.৭ মিলিয়ন ডলার থেকে ১১.৪ শতাংশ কমে ২০২৫-২৬ অর্থবছরে ৩ হাজার ৬২.৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে তেলবীজ আমদানিতে ব্যয় ১ হাজার ৭৯ মিলিয়ন ডলার থেকে ৩৪.৪ শতাংশ বেড়ে ১ হাজার ৪৪৯.৯ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
একই সময়ে চাল আমদানিতে ব্যয় ২২.৫ শতাংশ কমে ৬৮২.৪ মিলিয়ন ডলার থেকে ৫২৮.৯ মিলিয়ন ডলারে নেমেছে। মসুর ডালসহ বিভিন্ন ডাল আমদানিতে ব্যয় ৯৪৬.১ মিলিয়ন ডলার থেকে কমে ৬১৪.৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আমদানিনির্ভরতা কমাতে উৎপাদন ও রফতানি বহুমুখীকরণ জরুরি
বিশেষজ্ঞদের মতে, কৃষিপণ্যের আমদানি-রফতানির ব্যবধান কমাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ এবং রফতানি বাজার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গম, ভুট্টা, সয়াবিন ও ডাল উৎপাদনে দেশীয় সক্ষমতা বাড়ানো গেলে আমদানির চাপ কমবে। পাশাপাশি পাট, আলু, সবজি, ফল, সুগন্ধি চাল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রফতানি বাড়াতে আন্তর্জাতিক মান বজায় রাখা, রোগবালাইমুক্ত পণ্য উৎপাদন, আধুনিক প্যাকিং হাউস, কোল্ড চেইন, সংরক্ষণ ও পরিবহনব্যবস্থার উন্নয়ন জরুরি। কাঁচামাল হিসেবে না পাঠিয়ে দেশে প্রক্রিয়াজাত করে মূল্য সংযোজন করা গেলে রফতানি আয় বাড়ানো সম্ভব।

আমদানিনির্ভরতা কমাতে পেঁয়াজের মতো আরও কিছু পণ্যে শূন্যের কোটায় পৌঁছাতে চায় সরকার। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে কাঁচামরিচ, টমেটো ও আদার উৎপাদন বাড়িয়ে আমদানি শূন্যের কোটায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনায় কার্যক্রম দ্রুত ও কার্যকর করার বিষয়ে কথা হয়েছে। সরকারের মূল লক্ষ্য শুধু আমদানিনির্ভরতা কমানো নয়, বরং ভবিষ্যতে এসব পণ্য বা সমজাতীয় কৃষিপণ্য রফতানিমুখী করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভ

1

মাল্টা চাষে শারমিনের বাজিমাত

2

টিস্যু কালচারে জি-নাইন কলার চারা উৎপাদনে সফলতা, সারা দেশে বা

3

বনে সড়ক হচ্ছে পাহাড়-টিলা কেটে

4

বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা

5

আলুর পর করলাতেও লোকসান

6

হাওড়ে ফসল হানি রোধ করবে ব্রি ধান-১১৮

7

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

8

আনারকলি চাষে সফলতা

9

দেশের জমি চাষ করছে ভারতের লোকজন

10

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

11

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

12

৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

13

নদীতে ইলিশের অভাবে দেনার দায়ে জেলে

14

এক কাঁঠালের দাম ১০ হাজার টাকা

15

তরমুজ চাষে কৃষকের সাফল্য

16

চলনবিলের সরিষার মধুকে জিআই পণ্যের স্বীকৃতি দাবি

17

খাল পুনর্খননে সেচ সংকটের অবসান

18

নদীর তীরে ভেসে এলো মৃত তিমি

19

অভয়নগরে খিরা-শসা যাচ্ছে সারা দেশে

20