দিনাজপুর সংবাদদাতাঃ
দিনাজপুর সদর উপজেলার প্রযুক্তিগ্রামে চাষাবাদ হচ্ছে ৫২ জাতের ধান। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এ চাষাবাদ করছেন। যেখানে স্থানীয় কৃষকদের হাতে কলমে এই ধান চাষাবাদ সর্ম্পকে মাঠ প্রশিক্ষণ, বীজ সরবরাহ এমনকি জমি কিভাবে প্রস্তুত করতে হবে তাও শিখিয়ে দেওয়া হচ্ছে। এমন উদ্যোগে খুশি স্থানীয় কৃষকরা।
দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের হুগলীপাড়ায় স্থাপন করা হয়েছে ‘প্রযুক্তিগ্রাম’। এই গ্রামটি দুই বছর আগেও ‘হুগলী পাড়া’ নামে পরিচিত ছিল। সেই গ্রাম এখন স্থানীয় কৃষকদের কাছে পরিচিতি হয়েছে ‘প্রযুক্তিগ্রাম’ নামে। গ্রামের বেশিরভাগ কৃষকের জমিতে আবাদ করা হচ্ছে ব্রি উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান। হুগলীপাড়ায় এলএসটিডি প্রকল্পের অর্থায়নে ও উদ্যোগে ব্যতিক্রমধর্মী ‘রাইস গার্ডেন’ স্থাপন করা হয়েছে। রাইস গার্ডেনে রোপণ করা হয় দেশের ৫২টি জাতের ধান।
সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের মধ্যে দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশেই হুগলী পাড়া গ্রামের অবস্থান। মহাসড়কের চুনিয়াপাড়া মোড় পার হয়ে ২০০ গজ দূরে দক্ষিণ দিকের রাস্তা দিয়ে গ্রামটিতে প্রবেশ করতেই চোখে পড়বে প্রযুক্তি গ্রামের সাইনবোর্ড ও দুই পাশে ধানগাছ।
রাইস গার্ডেনে বোরো মৌসুম উপযোগী ব্রি উদ্ভাবিত ৫২টি ধানের জাত পাশাপাশি রোপণ করা হয়েছে, যাতে কৃষকরা সহজেই বিভিন্ন জাতের গাছের বৃদ্ধি, উচ্চতা, শীষের গঠন, রোগ-বালাই সহনশীলতা, সফলতা ও গুণগত বৈশিষ্ট্যের পার্থক্য পর্যবেক্ষণ করতে পারেন। এতে স্থানীয় পরিবেশ উপযোগী উন্নত ধানের জাত নির্বাচন করা কৃষকদের জন্য সহজ হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রি’র আঞ্চলিক কার্যালয় দিনাজপুরের তত্ত্বাবধানে চলতি আমন মৌসুমে দিনাজপুরে ব্রি উদ্ভাবিত মোট ৫২টি ধানের জাত নিয়ে রাইস গার্ডেন স্থাপন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য কৃষকদের কাছে উন্নত ও উচ্চ ফলনশীল ধানের জাত এবং আধুনিক কৃষি প্রযুক্তি সহজভাবে পৌঁছে দেওয়া, মাঠ পর্যায়ে বিভিন্ন জাত সম্পর্কে বাস্তব ধারণা তৈরি করা এবং কৃষকদের উন্নত ধান চাষে উৎসাহিত করা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, গার্ডেনটিতে দেশের ৫২টি জাতের ধানের চাষ করা হয়েছে। প্রতিটি জাতের ধানক্ষেতে ওই জাতের বিবরণ সম্বলিত সাইনবোর্ড। ফলে সহজেই এসব জাত বিষয়ে জানতে পারছেন কৃষকরা।
৫৪টি জাতের মধ্যে বিআর-৩, বিআর-৪, বিআর-৫, বিআর-১০, বিআর-১১, বিআর-২২, বিআর-২৩, বিআর-২৫, ব্রি ধান-৩০, ব্রি ধান-৩১, ব্রি ধান-৩২, ব্রি ধান-৩৩, ব্রি ধান-৩৪, ব্রি ধান-৩৭, ব্রি ধান-৩৮, ব্রি ধান-৩৯, ব্রি ধান-৪০, ব্রি ধান-৪১, ব্রি ধান-৪৪, ব্রি ধান-৪৬, ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫১, ব্রি ধান-৫২, ব্রি ধান-৫৩, ব্রি ধান-৫৪, ব্রি ধান-৫৬, ব্রি ধান-৫৭, ব্রি ধান-৬২, ব্রি ধান-৬৬, ব্রি ধান-৭০, ব্রি ধান-৭১, ব্রি ধান-৭২, ব্রি ধান-৭৩, ব্রি ধান-৭৫, ব্রি ধান-৭৬, ব্রি ধান-৭৭, ব্রি ধান-৭৮, ব্রি ধান-৭৯, ব্রি ধান-৮০, ব্রি ধান-৮৭, ব্রি ধান-৯০, ব্রি ধান-৯১, ব্রি ধান-৯৩, ব্রি ধান-৯৪, ব্রি ধান-৯৫, ব্রি ধান-১০৩, ব্রি ধান-১০৯, ব্রি ধান-১১০, ব্রি ধান-১১১, ব্রি ধান-১১২, ব্রি হাইব্রিড ধান-৪ ও ব্রি হাইব্রিড ধান-৬ জাতের ধান কীভাবে চাষ করা যাবে তা দেখানো হচ্ছে রাইস গার্ডেনে।
স্থানীয় কৃষক আবু সাঈদ বলেন,আমি প্রতিবছর জমিতে জিরা ৩৪, কাঠারি এবং জিরা ৯০ আবাদ করেছি। এখন বুঝতে পারছি একই জমিতে বছরের পর বছর একই জাতের ধান চাষ করতে নেই। এতে রোগ বালাইয়ের আক্রমণসহ ফলন কমে যায়। তাই আগামী মৌসুমে ব্রি’র যেকোনো একটি জাতের ধান আবাদ করব।
কৃষক আব্দুস সালাম বলেন,আমাদের এলাকায় ব্রি’র মাঠ দেখে অনেকে আগ্রহী হচ্ছেন। যেই ধানে ভালো ফলন হবে, সেই ধান আমরা চাষ করব।
হুগলীপাড়ার তরুণ কৃষক রাকিব বাবু বলেন, আগে দেশে কত জাতের ধান হয়, সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। কীভাবে হয়, কোন ধান কত দিনে হয় তাও জানা ছিল না। কিন্তু আমাদের এলাকায় প্রযুক্তি গ্রামে রাইস গার্ডেন হওয়ায় এখন সব কিছু বাস্তবে ধারণা নিতে পারছি। পরবর্তী বছরে নিজের জমিতে কী ধরনের ধানচাষ করব, তা এখান থেকে জানতে পারছি।
এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন জানান,এ প্রকল্পের আওতায় সারাদেশের ১৫টি গ্রামকে প্রযুক্তি গ্রামে, মডেল গ্রাম হিসেবে রূপান্তরে আমরা কাজ করছি। প্রকল্পের মাধ্যমে একদিকে যেভাবে আমরা স্থানভিত্তিক ধানের জাত উদ্ভাবন করছি।
অন্যদিকে আমরা স্থানভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন গুরুত্ব দিয়ে কাজ করছি। প্রকল্পের আওতায় ব্রি-১১৬, ১১৭ এবং ব্রি হাইব্রিড ধান ১০ অবমুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, ‘ব্রি হাইব্রিড ধান ১০ এবং ব্রি-১১৭ ধান লবণাক্ততা সহনশীল। পাশাপাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে ব্রি-১১৮ নামে একটি জাতের ধান অবমুক্ত করা হয়েছে।
কৃ/স/জয়