রংপুর সংবাদদাতাঃ
রংপুরের মিঠাপুকুরে বিভিন্ন স্থানে ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছে। বার বার ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব গুড় তৈরির কারখানা ধ্বংস এবং জরিমানা করা হলেও তা যেন থামছেই না।
জানা যায়, উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাট পশ্চিম গেনার পাড়া ও ফুলচৌকি খামার পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রাতভর ক্ষতিকর শিল্পরং, ডাইস, সিঁদুর, পচা মিষ্টির সিরা, মেয়াদোত্তীর্ণ চিনি ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসব কারখানায় উৎপাদন আরও বহু গুণ বাড়ানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান,বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরি কওে আসছে। সুচতুর ব্যবসায়ীরা যখন প্রশাসনের অভিযান আসে তখন কিছু সময়ের জন্য কারখানা বন্ধ রাখে। তারা চলে যাওয়ার পরপরই নতুন কৌশলে একই কাজ শুরু হয়। জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এই খাদ্যপণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে স্থায়ী ও কঠোর আইনগত পদক্ষেপ না নিয়ে শুধু অর্থদণ্ড দেওয়ায় তারা অপরাধ চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, বিষয়টি সম্পর্কে মিঠাপুকুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
কৃ/স/জয়