বগুড়া সংবাদদাতাঃ
বগুড়ার সোনাতলা উপজেলার যমুনার চরাঞ্চলে কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে দাম না থাকায় হতাশ হয়ে পড়েছেন চাষীরা। এখানকার বাজারে প্রতি মণ কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫ থেকে ৬শ’টাকা। এতে চাষীরা উৎপাদন খরচ তোলা নিয়ে চরম হতাশায় পড়েছেন।
জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৯১০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় জাতের বগুড়া মরিচের পাশাপাশি এবার বিজলী প্লাস, নবীন ও ১৭০১ জাতের হাইব্রিড মরিচ চাষ করেছেন কৃষকরা। হাইব্রিড জাতের ফলন বেশি হলেও স্থানীয় জাতের মরিচের ঝাল বেশি। স্থানীয় এই জাতের মরিচই বগুড়া মরিচ নামে পরিচিত।
জেলার পূর্বাঞ্চলের বাঙালি ও যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল এখন মরিচের গাছে সবুজে ছেয়ে গেছে। আগাম জাতের মরিচ উত্তোলনের পাশাপাশি রবি মৌসুমের মরিচগাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বগুড়ার ঝাল মরিচের সুনাম রয়েছে সারা দেশে।
সোনাতলার তেকানী ও পাকুল্লা হাট ঘুরে দেখা গেছে, মরিচের সরবরাহের তুলনায় পাইকারের সংখ্যা কম। ফলে প্রতি মণ কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। অন্যদিকে মরিচ তোলা ও পরিবহনের খরচ বেড়েছে। বর্তমান দামে মরিচ বিক্রি করে এসব খরচ মেটানোই কঠিন হয়ে পড়েছে কৃষকদের জন্য।
দাম কম হলেও কৃষকদের মরিচ তুলতে হচ্ছে। কারণ, গাছ থেকে মরিচ না তুললে নতুন ফুল নষ্ট হতে পারে। এতে পরবর্তী সময়ে ফলনও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
মরিচচাষি মাহফুজা বেগম (৬৫) জানিয়েছেন, এভাবে দাম কম থাকলে তাদের লোকসান গুনতে হবে। শ্রমিকের মজুরি বাঁচাতে নিজেই মরিচ তুলছেন তিনি। মাহফুজার ভাষ্য, গত মৌসুমে ভালো দাম পাওয়ায় ধারদেনা করে এবারও মরিচ চাষ করেছিলেন। বর্তমান দাম অব্যাহত থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
পূর্ব তেকানী গ্রামের মরিচচাষি শাহিন জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় মৌসুমের শুরুতে মরিচের ভালো ফলন হয়েছে। পর্যাপ্ত সরবরাহের কারণে দাম কমেছে। গত মৌসুমে ভালো দাম পাওয়ায় এবার প্রায় চার বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। তার আশঙ্কা, সার ও বীজের খরচ বিবেচনায় প্রতি মণ মরিচ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করতে না পারলে বড় ধরনের লোকসানে পড়তে হবে।
সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানিয়েছেন, চলতি মৌসুমে মরিচের ফলন ভালো হয়েছে। সাধারণত ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা আগাম মরিচ চাষ করেন। তবে এবার দাম কম থাকায় তারা হতাশ। অবশ্য বাজারের এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে।
কৃ/স/জয়