ঝিনাইদহ সংবাদদাতাঃ
হাঁস পালনে ব্যাপক সফলতা পেয়েছেন মাজেদুল ইসলাম নামে এক প্রবাস ফেরত উদ্যোক্তা। দেশে ফিরে অন্যের জমি লিজ নিয়ে গড়ে তোলেন হাঁসের খামার। এখন হাঁসের ডিম বিক্রি করে প্রতি সপ্তাহে আয় করছেন প্রায় ২০ হাজার টাকা। যা দিয়ে তিনি নিজে সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার খামারে কর্মসংস্থান হয়েছে আরো বেশ কয়েকজনের। এ উদ্যোক্তা ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামের বাসিন্দা।
জানা যায়,মাজেদুল বেশি আয়ের আশায় এক সময় বিদেশ পাড়ি জমান। সেখানে দুই বছর অবস্থান করে দেশে ফিরে আসেন। এরপর নিজে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখেন। এ জন্য তিনি বিভিন্ন খামারীদের সাথে কথা বলেন। এক পর্যায়ে তাদের দেখে উৎসাহিত হয়ে হাঁসের খামার করার চিন্তা করেন। পরে অন্যের ১০ শতক জমি লিজ নিয়ে তিনি হাঁসের খামার গড়ে তোলেন। সেই জমিতেই বাঁশ ও কাঠ দিয়ে ঘর তৈরি করি। শুরু হয় হাঁস পালন। ক্যাম্বেল জাতের ৬০০টি হাঁসের বাচ্চা দিয়ে যাত্রা শুরু হয় তার খামারের।
কঠিন পরিশ্রম আর নিজ পায়ে দাঁড়ানোর চিন্তায় খামারে দিনরাত সময় দেন এ উদ্যোক্তা। অল্পদিনেই তার খামারের পরিধি বেড়েছে। এখন তার খামারে ডিম দেয়া হাঁস আছে প্রায় ৪০০। এর মধ্যে গড়ে ৩৫০ থেকে ৩৮০টি হাঁস নিয়মিত ডিম দিচ্ছে। এ ছাড়াও তিনি খামারে নতুন করে প্রায় ১২০০ ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা পালন শুরু করেছেন। হাঁসের ডিম থেকে এসব বাচ্চা ফুটেছে। হাঁস ও হাঁসের বাচ্চাদের টিকাদান, খাওয়া ও সার্বিক কাজ মাজেদুল নিজ হাতেই করেন। এসব কাজে সহায়তার জন্য মাজেদুল ফার্মে একজন কর্মচারী নিয়োগ করেছেন। কর্মচারী শিলন হোসেন ও মাজেদুল ইসলামের দিনের বেশির ভাগ সময় কাটে হাঁসের পরিচর্যায়। এই খামার থেকে ডিম বিক্রি করে প্রতি সপ্তাহে ২০ হাজার টাকা আয় হচ্ছে তার।
হাঁস খামারের উদ্যোক্তা মাজেদুল ইসলাম বলেন,বিদেশ থেকে ফেরার পরে অনেকেই আমাকে বলেছিল পাকা বাড়িঘর নির্মাণ করতে। আমি কারো পরামর্শ শুনিনি। ফাঁকা মাঠে খালের পাড়ে হাঁস পালন করা দেখে অনেকেই ঠাট্টা তামাশা করেছে। আমি কারও কথায় কান দেইনি। আমি আমার লক্ষ্য পূরণে কাজ করেছি।
মাজেদুলের এই সাফল্য এখন এলাকার তরুণদের অনুপ্রেরণা। তারা নিজেদের খামার গড়ে তুলতে প্রয়োজনীয় পরামর্শ নিতে আসেন। অনেকেই মাজেদুলের খামারে এসে প্রাকৃতিক উপায়ে পালিত হাঁস ও উৎপাদিত ডিম ন্যায্য দামে কিনে নিয়ে যান ।
ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ অফিসের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল বলেন, তরুণ উদ্যোক্তা মাজেদুল ইসলাম যে খামার গড়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সরকার কর্মসংস্থান বৃদ্ধিতে দেশের তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নানাভাবে কাজ করে যাচ্ছে। জেলা প্রাণিসম্পদ অফিস থেকে তরুণ উদ্যোক্তাদের যাবতীয় সহায়তা ও পরামর্শ প্রদান করা হয়ে থাকে। মাজেদুল ইসলামের সাথেও আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।
কৃ/স/জয়