সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
দেশের অন্যতম বৃহৎ চলনবিলের বিভিন্ন এলাকার মাঠে মাঠে বিনা চাষে রসুন চাষাবাদ করতে ব্যাস্ত সময় পার করছে চাষীরা। বন্যার পানি নেমে যাওয়ার পর পরই কাঁদা মাটিতে চলছে রসুনের কোয়া বপন। প্রতি বছর চাষীরা এভাবে কম খরচে রসুন চাষাবাদ করে লাভবান হন।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ মৌসুমে এই উপজেলায় রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৭৫ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৬৮১ মেট্রিক টন।
সরেজমিন দেখা যায়, ফাঁকা জমির নরম কাদামাটিতে নারী-পুরুষ মিলে রসুনের কোয়া রোপণ করছেন। বিনা চাষে রসুনের বাম্পার ফলন পাওয়ার কারণে প্রতি মৌসুমে এলাকার কৃষকরা রসুন চাষে ঝুঁকছেন।
জানা গেছে, কার্তিক-অগ্রহায়ণ মাসে বিল থেকে পানি নেমে গেলে বন্যার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে জমিতে বিনা চাষে রসুন রোপণের ধুম পড়ে। চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ, নাদোসৈয়দপুর, হামকুরিয়া, সগুনা; নাটোরের সিংড়া, গুরুদাসপুর এবং পাবনার ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর এলাকার বিভিন্ন স্থানে এ রসুন চাষ হয়ে থাকে।
তাড়াশের কুন্দইল গ্রামের কৃষক করিম বলেন, অর্থকরী ফসল রসুনের ভালো ফলনের কারণে প্রতি বছরই এ অঞ্চলের কৃষকরা রসুন চাষ করেন। প্রতি বিঘা জমিতে রসুন আবাদ করতে ২৩ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। আবহাওয়া অনুকূলে থাকলে বিঘা প্রতি প্রায় ৩৮ থেকে ৪০ মণ রসুন পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা।
মাগুড়া বিনোদ গ্রামের সোবাহান জানান, প্রতি বছরই এই বিলে বন্যায় ধানের ক্ষতি হয়। সেই ক্ষতি পুষিয়ে নিতে তাঁরা কম খরচে রসুন আবাদ করেন। এ বছর তিনি ১১ বিঘা জমিতে রসুনের আবাদ করেছেন।
আবহাওয়া ঠিক থাকলে ভালো ফলন ও দাম পাওয়ার আশা করছেন তিনি।
নাদোসৈয়দপুর গ্রামের কৃষক আব্দুল খালেক বলেন, বর্তমানে ২২০ টাকা কেজি দরে রসুনের বীজ কিনে পলি জমা কাদামাটিতে বিনা চাষে রসুনের কোয়া রোপণ করছি। এ কাজে নিয়োজিত শ্রমিকরা দৈনিক ৭০০ টাকা করে হাজিরা নেন। রোপণকৃত রসুনের ওপর দিয়ে ধানের নাড়া বা খড় বিছিয়ে দেওয়া হয়। রোপণের প্রায় ১২৫ দিন পর রসুন তোলা যায়।’
শ্রমিক আবুল, শাহীন, জাবেদ, রহিমা খাতুন ও হাতেম আলী জানান, রসুন রোপণ করা বেশ পরিশ্রমের কাজ। প্রথমে রসুনের কোয়া আলাদা করতে হয়, এরপর কাদামাটিতে তা পুঁতে রাখতে হয়। এ কাজে তাঁরা দিন শেষে ৫০০ থেকে ৬০০ টাকা মজুরি পান।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা বলেন, প্রতি বছরের মতো এবারও চলনবিল এলাকার বিভিন্ন স্থানে বিনা চাষে রসুন চাষাবাদ করছেন কৃষকেরা। বিল এলাকার বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কাদামাটিতে এই রসুন রোপণ করা হয়। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও রসুনের বাম্পার ফলন হবে।
কৃ/স/জয়