নওগাঁ সংবাদদাতাঃ
জমি নিয়ে পূর্ববিরোধের জেরে ঘাস মারার কীটনাশক ছিটিয়ে সাত কৃষকের প্রায় ১০ বিঘা জমির আমন ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। নওগাঁর ধামইরহাটে উপজেলার রূপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষকেরা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক চানমদ্দীন বাদী হয়ে শুক্রবার একই এলাকার ওবায়দুল ইসলাম, এন্দাদুল ওরফে বিপ্লব বাবুসহ সাতজনের বিরুদ্ধে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, জমি নিয়ে পূর্ববিরোধের জেরে গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে অভিযুক্তরা ধানখেতে ঘাস মারার কীটনাশক ছিটিয়ে দেন। এতে ধানগাছ নষ্ট হয়ে যায় এবং কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এর আগেও ওই জমিতে চাষ করা আলু ও সরিষা নষ্ট করা হয়েছিল। এ ঘটনায় গ্রাম আদালতে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁদের জরিমানা করেছিলেন বলে দাবি করেন অভিযোগকারীরা।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, কীটনাশক ছিটিয়ে ধানগাছ নষ্ট করার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কৃ/স/জয়