কৃষি সময়
প্রকাশ : Nov 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদের মাছে মাইক্রোপ্লাস্টিকে বাড়ছে দূষণ ও স্বাস্থ্যঝুঁকি

রাঙামাটি সংবাদদাতাঃ 
দেশের অন্যতম হ্রদ রাঙামাটির কাপ্তাইয়ে দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছের নমুনা পরীক্ষা করে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছেন গবেষকেরা। পরীক্ষিত প্রতিটি প্রজাতির নমুনাতেই পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট আকারের প্লাস্টিক কণা পাওয়া গেছে। যা হ্রদের পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যের খাদ্যনিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ডিসকভার এনভায়রনমেন্ট’-এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের একটি দল গবেষণাটি পরিচালনা করে।

কাপ্তাই হ্রদ দেশের অন্যতম বড় মিঠাপানির মৎস্যভাণ্ডার। প্রায় ৭২৫ বর্গকিলোমিটার আয়তনের এই হ্রদের মাছের চাহিদা রয়েছে দেশের বিভিন্ন এলাকায়। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও এখানকার মাছ রপ্তানি হচ্ছে। তবে সম্প্রতি হ্রদের মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে গবেষণার ফলাফল প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে হ্রদের দূষণ পরিস্থিতি।

গবেষণায় কাপ্তাই হ্রদের দেশীয় পাঁচ প্রজাতির ৭৫টি ছোট মাছের নমুনা পরীক্ষা করা হয়। প্রজাতিগুলো হলো কাচকি, চাপিলা, ট্যাংরা, মলা ও ঢেলা। পরীক্ষায় প্রতিটি প্রজাতির নমুনাতেই পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলেছে হ্রদের তলদেশের কাদা ও বালু থেকে খাবার সংগ্রহ করা ট্যাংরা মাছে। গবেষণায় প্রতি গ্রাম ট্যাংরা মাছের নমুনায় গড়ে শূন্য দশমিক ৬৩টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।

কাপ্তাই হ্রদে প্লাস্টিক দূষণের পেছনে নানা ধরনের উৎস রয়েছে। হ্রদের আশপাশের বসতি ও শহরের বিভিন্ন স্থানে ফেলে রাখা বর্জ্য বর্ষা মৌসুমে বৃষ্টির পানির সঙ্গে হ্রদে গিয়ে পড়ে। পাশাপাশি পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক এবং মাছ ধরার পরিত্যক্ত জাল থেকেও দূষণ ছড়াচ্ছে। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ড্রেন দিয়েও এসব বর্জ্য হ্রদের পানিতে মিশছে।

দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দখলের কারণে হুমকির মুখে পড়ছে কাপ্তাই হ্রদের স্বাভাবিক পরিবেশ। ১৯৬০ সালে হ্রদ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত ড্রেজিং না হওয়ায় পলি জমে নাব্যতা সংকট তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ। পাশাপাশি হ্রদের জায়গা দখল করে গড়ে উঠেছে বসতি। অথচ এই হ্রদের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল প্রায় ২৭ হাজার জেলে পরিবার। হ্রদের পরিবেশ ও মাছের উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়বেন হ্রদের ওপর নির্ভরশীল হাজারো মানুষ।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে রয়েছে ৮৬ প্রজাতির মাছ। এই হ্রদের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন হাজারো মানুষ। কাপ্তাই হ্রদের মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি জলজ পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। মৎস্যসম্পদ ও হ্রদের পরিবেশ রক্ষায় প্রয়োজন পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং হ্রদের দখল রোধে কার্যকর উদ্যোগ।

দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক বলেন, মূলত তিনটি উৎস থেকে প্লাস্টিক পানিতে ও মাটিতে মিশছে। প্রথমত, কাপ্তাই হ্রদের তীরবর্তী বাজারগুলো থেকে প্লাস্টিক বর্জ্য হ্রদে যাচ্ছে। দ্বিতীয়ত, হ্রদের পাশের বসতবাড়ির গৃহস্থালি বর্জ্য থেকেও দূষণ ছড়াচ্ছে। তৃতীয়ত, কাপ্তাই হ্রদে চলাচলকারী পর্যটকবাহী ও সাধারণ যাত্রীবাহী নৌযান থেকেও প্লাস্টিক বর্জ্য পানিতে মিশছে। এসব উৎস থেকেই হ্রদে প্লাস্টিক দূষণ বাড়ছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম বলেন, মাইক্রোপ্লাস্টিকের বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার চেয়ে সচেতন হওয়া বেশি জরুরি। বিশ্বজুড়েই প্লাস্টিকের ব্যবহার রয়েছে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্লাস্টিক, মাছ ধরার জাল এবং নৌযানসহ বিভিন্ন মাধ্যমে প্লাস্টিকের ক্ষুদ্র কণা পানিতে মিশছে। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এসব কণা মাছের শরীরেও প্রবেশ করতে পারে। তবে মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেলেই সেই মাছ খাওয়া যাবে না, এমনটা ভেবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বরং মাইক্রোপ্লাস্টিকের কন্টামিনেশন রোধে পলিথিনের ব্যবহার কমানো এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

1

হিমাগারের অভাবে বিপাকে কৃষক

2

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

3

ভিয়েতনামী কালো ধান চাষে সফল যুবক

4

এক গাছেই ধরেছে ১০ জাতের আম

5

৩৩ কেজি বাঘাইড় বিক্রি হলো ৫৬ হাজারে

6

নীলগাই পরিবারে নতুন চার শাবক

7

রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ রোপণে ধুম

8

শেকৃবির ‘আলোকিত মানুষ’ এর নেতৃত্বে সাইদ-শাহাদাত

9

মাছ চাষে আবদুল্লাহর সাফল্য

10

মলচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

11

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

14

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

15

২৮৮ বস্তা সার জব্দ

16

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

17

আরোও বন্যার শঙ্কাঃ বাড়বে পানি

18

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত

19

দক্ষিণাঞ্চলের কৃষিতে বাড়ছে মালচিং চাষাবাদ

20