গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরকে শব্দদূষণ নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে শুরু হয়েছে নো হর্ন’ কর্মসূচি। আগামী ১২ সপ্তাহের মধ্যে আইন প্রয়োগের মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বন্ধ, সচেতনতা বৃদ্ধি করা হবে।
বুধবার (২৯ জুলাই) এ উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।
সভায় সিদ্ধান্ত নেয়া হয় হর্ন বন্ধে আগামী ১২ সপ্তাহে পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে- সরকারি যানবাহনে ‘নো হর্ন’ কার্যক্রম চালু করে প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্ত স্থাপন, সব সরকারি যানবাহনে ‘সাইলেন্ট ড্রাইভিং’ স্টিকার সংযুক্ত করা, সরকারি দপ্তরের চালকদের অঙ্গীকারনামা গ্রহণ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের যানবাহনে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধ করা এবং হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকাকে ‘সাইলেন্ট জোন’ হিসেবে কার্যকর করা।
নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, শব্দদূষণ বিরোধী গণসচেতনতা বৃদ্ধি, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচারণা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সভায় গাজীপুর জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা, পুলিশ কর্মকর্তা, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানান, শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ উদ্যোগ হাতে নেয়া হয়েছে। প্রশাসনের একক উদ্যোগ নয়, বরং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গাজীপুরকে শব্দদূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃ/স/জয়