চট্রগ্রাম প্রতিনিধিঃ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ বলেছেন, দেশের কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তুলতে অনলাইনে কৃষক কার্ড নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে প্রথম এক বছরেই ৪৩ লাখ কৃষককে এই কার্ড দেওয়া হবে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ডের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে এসব কথা বলেন।
এর আগে গত বৃহস্পতিবার থেকে দেশব্যাপী এই নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মন্ত্রী জানান, শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ৪৫ হাজার কৃষক কার্ড ইস্যু করা হয়েছে।
মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষে মন্ত্রী মো. আমিন উর রশিদ বলেন, কৃষক কার্ডের মাধ্যমে দেশের প্রকৃত কৃষকদের একটি নির্ভুল ও হালনাগাদ ডাটাবেজ তৈরি হবে। কৃষকদের দেওয়া সব তথ্য কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকবে। এর ফলে কৃষি ভর্তুকি, প্রণোদনা, উন্নত মানের বীজ ও সার এবং অন্যান্য সরকারি সুবিধা প্রকৃত কৃষকদের কাছে দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
পরিদর্শনকালে মন্ত্রী নিবন্ধন বুথ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী উপস্থিত স্থানীয় কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।