গোপালগঞ্জ সংবাদদাতাঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামে মধুমতি নদীপাড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে বহু বিঘা আবাদি জমি। হুমকির মুখে রয়েছে আরো কয়েকশ একর ফসলি জমি, ফসল, রাস্তাঘাট ও বসতবাড়ি। এতে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এ অঞ্চলের কৃষক ও স্থানীয়রা।
সরজমিনে দেখা গেছে, উপজেলার পাংখারচর এলাকায় মধুমতি নদীতে ভাঙনের মুখে রয়েছে আরো শত শত বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও বসতবাড়ি। এসব জমিতে বোরো, আমন ধান, আবার কোথাও আখসহ বিভিন্ন ফসলের আবাদ রয়েছে। জানা গেছে, এরই মধ্যে প্রায় ৩০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেক কৃষক।
স্থানীয় কৃষক মো. মনিরুজ্জামান বলেন, চোখের সামনে আবাদি জমি নদীতে ভেঙে যাচ্ছে। কিছুই করতে পারছি না। এ জমি চাষাবাদ করেই আমাদের সংসার চলে। একের পর এক জমি নদীতে বিলীন হচ্ছে। বাকি জমিটুকুও হারানোর ভয় করছি। জমি না থাকলে পরিবার নিয়ে কীভাবে বাঁচব, কী খেয়ে চলব?
পাংখারচর গ্রামের কৃষক জামাল হোসেন বলেন,নিজের এবং অন্য লোকের জমি চাষাবাদ করে সংসার চালাই। ভাঙনে তার ৪ বিঘা জমি নদীতে চলে গেছে। এখন কিভাবে,কি করে চলবো বুঝতে পারছি না।
আরেক কৃষক আমিনুর রহমান বলেন,ভাঙন রোধ করা না গেলে আমাদের শেষ সম্বলটুকুও রক্ষা করতে পারব না। মধুমতি নদী ধীরে ধীরে আমাদের সব জমি গ্রাস করে নিচ্ছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে অনেক কৃষককে পথে বসতে হবে। জমি হারালে আমাদের আর বেঁচে থাকার কোনো অবলম্বন থাকবে না। আমরা গরিব মানুষ, জমিটুকুই আমাদের একমাত্র সম্বল। নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে আমাদের ভিটেমাটি ও ফসলি জমি সবই নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
পাংখারচর গ্রামের মধুমতি নদীর ভাঙনে এখানকার অসংখ্য কৃষক জমি হারিয়েছেন। এখনো জমি হারানোর শঙ্কায় রয়েছেন কয়েকশ কৃষক। এভাবে নদী ভাঙন অব্যাহত থাকলে এখানকার মানচিত্রই বদলে যাবে। ভূমিহীন হয়ে পড়বে চাষীরা। তারা দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে গোপালগঞ্জ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. হাসান আহমেদ বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। বরাদ্দ পেলে ভাঙনকবলিত এলাকায় ব্যবস্থা নেয়া হবে।
কৃ/স/জয়