রাজশাহী সংবাদদাতাঃ
রাজশাহীর বাঘায় উচ্চ ফলনশীল জাতের পেঁপে চারা কিনে প্রতারিত হয়েছেন আব্দুল আওয়াল নামে এক কৃষক। ৩২ বিঘা জমিতে তিনি এ পেঁপে চারা রোপন করে চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন। চারা রোপনের পর গাছের স্বাভাবিক বৃদ্ধি হয়নি, ফলনও মিলছে না কাঙ্ক্ষিত মাত্রায়। যে ফল ধরেছে, সেগুলোও আকারে ছোট। অভিযোগ উঠেছে, উচ্চ ফলনশীল জাতের কথা বলে নিম্নমানের ও ভিন্ন জাতের চারা সরবরাহ করে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে।
জানা যায়,এ কৃষক প্রায় আট মাস আগে মোহনপুর উপজেলার কচিম উদ্দিন নামের এক নার্সারি ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লাখ টাকায় টপলেডি, শাহী, বাবু ও হাজারী জাতের পেঁপের চারা কেনেন। যা তিনি বাঘা উপজেলার কালিদাস খালির মাঠে ৩২ বিঘা জমি লিজ নিয়ে রোপন করেন।
ওই কৃষকের অভিযোগ করে বলেন,ভালো জাতের পেঁপের চারা দেওয়ার কথা বলে চারা নিয়েছিলাম। কিন্তু গাছ হওয়ার পর দেখি এগুলো অন্যরকম। এত টাকা খরচ করে এখন সব শেষ হয়ে গেছে। চারা রোপণের কয়েক মাস পর থেকেই গাছের অস্বাভাবিক বৃদ্ধি ও কম ফলনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। গাছগুলো রোগা ও দুর্বল অবস্থায় রয়েছে। পাশাপাশি যে পরিমাণ ফলন পাওয়ার কথা ছিল, তার তুলনায় ফলন হয়েছে অনেক কম। ফলের আকারও প্রত্যাশার চেয়ে ছোট। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে জমির প্রায় অর্ধেক পেঁপে গাছ কেটে ফেলেছেন।
স্থানীয় কৃষকদের দাবি, শুধু আব্দুল আওয়াল নন, একই ব্যক্তির কাছ থেকে উচ্চ ফলনশীল জাতের পেঁপের চারা কিনে ক্ষতির মুখে পড়েছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে রয়েছেন আলম, মোশাররফ, মিন্টু, লালন, সাহাবাজ, হানিফ, বকুল ও উজ্জল।
কৃষকদের অভিযোগ, চারা সরবরাহের ক্ষেত্রে কচিম উদ্দিনের সঙ্গে পিয়ার বলী ও হৃদয় নামের আরও দুই ব্যক্তির যোগসাজশ রয়েছে। তাঁদের মাধ্যমে চারা সংগ্রহ করে প্রতারিত হয়েছেন বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
জমিতে নিয়মিত কাজ করা শ্রমিকদেরও অভিযোগ, চারা রোপণের পর থেকেই গাছগুলো রোগা ও দুর্বল ছিল। পরবর্তী সময়ে গাছ বড় হলেও স্বাভাবিক বৃদ্ধি হয়নি, ফলনও কম হয়েছে।
ভুক্তভোগী কৃষকদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে বাঘা অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জাহান ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
কৃ/স/জয়