পাবনা সংবাদদাতাঃ
বাড়তি লাভের আশায় পেঁয়াজ সংরক্ষণ করে এখন ব্যাপক লোকশানে পড়েছেন পাবনার চাষীরা। দফায় দফায় দর পতন এবং পঁচনে তারা এখন দিশেহারা। পেঁয়াজ বিক্রি করে লাভ তো দুরের কথা চালান টিকিয়ে রাখাই এখন দায় হয়ে পড়েছে।
জানা যায়,পাবনায় ৫৪ হাজার হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে ১০ লাখ টন পেঁয়াজ। এর মধ্যে জেলার নিজস্ব চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন হয়েছে প্রায় ৪ লাখ টন। গত সেপ্টেম্বরের শুরুতে কৃষকদের ঘর এবং কৃষি বিপণন অধিদপ্তরের ৩০০টি সংরক্ষণাগার মিলিয়ে পেঁয়াজ মজুদ ছিল প্রায় এক লাখ টন। বাড়তি লাভের আশায় কৃষকরা এই পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন।
এপ্রিল-মে মাসে যে পেঁয়াজ প্রতি মণ বিক্রি হয়েছিল প্রায় ১ হাজার ৭০০ টাকায়, কয়েক মাসের ব্যবধানে এখন সেই পেঁয়াজই বিক্রি করতে হচ্ছে ১ হাজার ৫০ টাকা দরে। দরপতনের এমন অবস্থায় চোখে অন্ধকার দেখছেন দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় হাজার হাজার পেঁয়াজ চাষী। পেঁয়াজের রাজ্য হিসেবে পরিচিত এই জেলায় পেঁয়াজের দাম এখন তলানিতে। পুরনো পেঁয়াজের অতিরিক্ত মজুদ এবং নতুন মুড়িকাটা পেঁয়াজ ওঠার আগমুহূর্তে দরপতনে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।
জেলার প্রধান পেঁয়াজের হাট সুজানগর ও হাজিরহাটে সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর জেলার বিভিন্ন হাটে প্রতি মণ পেঁয়াজ ৬-৭ হাজার টাকায় বিক্রি হয়েছিল। এবার সেই পেঁয়াজের দাম নেমে এসেছে মাত্র ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। উৎপাদন ও দীর্ঘদিন সংরক্ষণের খরচও উঠছে না বর্তমান বিক্রয়মূল্যে।
সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা কৃষকদের। পেঁয়াজ চাষী সিদ্দিকুর রহমানের বলেন, আর মাত্র এক-দেড় মাস পর নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসবে। অথচ এখনো পুরনো পেঁয়াজের মজুদ শেষ হয়নি। তার ধারণা, বর্তমান মজুদ দিয়ে মেটানো সম্ভব আরও তিন-চার মাসের চাহিদা। এ অবস্থায় নতুন পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমে প্রতি মণ ৬০০ থেকে ৭০০ টাকায় নেমে আসতে পারে। এমনটি হলে পুঁজি হারিয়ে কৃষক একেবারে ধ্বংস হয়ে যাবেন।
সাঁথিয়ার বনগ্রামের কৃষক জাকির হোসেন বলেন,চার মণ বিক্রিতে আয় হয়েছে ৪ হাজার ২০০ টাকা। অথচ এই পেঁয়াজ সংরক্ষণ করতেই খরচ হয়েছে ৮ হাজার টাকা। উৎপাদন খরচ বাদ দেওয়ার আগেই শুধু সংরক্ষণ ব্যয়ের তুলনায় তার ঘাটতি ৩ হাজার ৮০০ টাকা। ভালো দাম পাওয়ার আশায় পেঁয়াজ মজুদ করলেও এখন নিরুপায় হয়ে লোকসানে বিক্রি করতে হচ্ছে।
এ পরিস্থিতিতে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষায় বিদেশে পেঁয়াজ রপ্তানির নতুন বাজার খুঁজে বের করার ওপর জোর দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান,কৃষকদের বাঁচাতে দ্রুত বিদেশে পেঁয়াজ রপ্তানির নতুন বাজার খুঁজে বের করা এখন সময়ের দাবি। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে পেঁয়াজ রপ্তানিমুখী করার সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
কৃ/স/জয়