কৃষি সময়
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ শ’ কৃষক

গাইবান্ধা সংবাদদাতাঃ 
গাইবান্ধায় জলাবদ্ধতায় দুটি ইউনিয়নের ৫শতাধিক কৃষক আমন চাষাবাদ করতে পারছেন না। এত বিপুল পরিমাণ কৃষি জমি এবার অনাবাদি থাকার আশঙ্কা দেখা দিয়েছে। জলাবদ্ধতার কারনে কৃষকদের এমন দুর্ভোগ জেলা সদরের বোয়ালী ইউনিয়ন ও রামচন্দ্রপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর, ভেলাকোপা এবং পাকড়িছিড়া ব্রিজের উত্তর-দক্ষিণ এলাকায়। 

স্থানীয় কৃষকরা বলছেন, প্রায় দুই কিলোমিটার খাল না থাকায় সাম্প্রতিক বছরগুলোতে প্রায় প্রতিবছরই তাদের এমন সংকটে পড়তে হচ্ছে। সাদুল্লাপুর থেকে আসা একটি নালা তুলসীঘাট হয়ে বোয়ালী ইউনিয়নের শেষ অংশে রামচন্দ্রপুর ইউনিয়নের মৃত কাদের মিয়ার বাড়ির সামনে এসে শেষ হয়েছে। অন্যদিকে, পূর্ব রাধাকৃষ্ণপুর-হরিপুর মৌজা থেকে শুরু হওয়া আরেকটি নালা গিয়ে মিশেছে আলাই নদীতে। কিন্তু কাদের মিয়ার বাড়ি থেকে ভেলাকোপা হয়ে পূর্ব হরিপুর পর্যন্ত মাঝের প্রায় দুই কিলোমিটার এলাকায় কোনো নালা নেই। ফলে এই অংশে জমে থাকা পানি বের হতে না পেরে সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা।

সরেজমিনে  দেখা যায়, ভেলাকোপা ব্রিজের পশ্চিম ও পূর্ব পাশের বিস্তীর্ণ পাথারে আমন চাষাবাদের কোনো তৎপরতা নেই। পুরো পাথারজুড়ে ছোট-বড় কচুরিপানায় ভরে আছে। এসব ফসলি জমিতে এখনো প্রায় কোমরসমান পানি রয়েছে। একই চিত্র পাকড়িছিড়া ব্রিজের উত্তর-দক্ষিণের ফসলের মাঠেও। ওই এলাকার বেশিরভাগ জমিতে হাঁটুর ওপর পর্যন্ত পানি জমে আছে।

অন্যদিকে, এসব এলাকার পাশের গরদিঘি, রহমতপুর, গোপালপুর, ত্রিমোহিনী, বাদিয়াখালী ও পেয়ারাপুর ঘুরে দেখা গেছে, বেশিরভাগ জমিতেই আমন ধান রোপণ শেষ হয়েছে। যেসব জমিতে এখনো রোপণ বাকি, সেখানেও কৃষকরা কাজ করছেন।

কৃষকদের অভিযোগ, পানি প্রবাহের পথে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন একাধিক বহুতল ভবন ও প্রাচীর নির্মাণ করায় পানি নিষ্কাশন আরও বাধাগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, এসকেএস ফাউন্ডেশন পানি নিষ্কাশনের জন্য পাঁচটি পাইপ স্থাপন করলেও সেগুলো দিয়ে পর্যাপ্ত পানি প্রবাহিত হতে পারে না। ভেলাকোপার পাথারে জলাবদ্ধতার এটিও একটি কারণ বলে জানান তারা।

স্থানীয় প্রবীণ কৃষকদের ভাষ্য, ওই অংশেও একসময় নালা ছিল। প্রায় তিন দশক আগে বড় বন্যার পর নালাটির তলদেশ ভরাট হয়ে যায়। পরে সংস্কারের অভাবে নালাটি ধীরে ধীরে অচল হয়ে পড়ে। একপর্যায়ে জমির মালিকরা নিজেরাই বিভিন্ন স্থানে নালার অংশ ভরাট করে ফেলেন। এতে পানি নিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা জানান, চলতি বছর একদিকে তাদের বীজতলা নষ্ট হয়েছে, অন্যদিকে জমিতে অতিরিক্ত পানি থাকায় আমন চাষাবাদের কোনো উদ্যোগ নিতে পারছেন না। তাদের দাবি, জলাবদ্ধতার কারণে প্রায় প্রতিবছরই বীজতলা নষ্ট হয়। আবার নির্ধারিত সময়ে চারা রোপণ করতে না পারায় কাঙ্ক্ষিত ফলন থেকেও বঞ্চিত হন তারা।

শুধু আমন মৌসুমেই নয়, অনেক সময় ইরি মৌসুমের পাকা কিংবা অপরিপক্ব ধানও পানিতে পড়ে নষ্ট হয়। কৃষকদের ভাষ্য, শুধু এই দুই ইউনিয়ন নয়, ভরা বর্ষায় এর প্রভাবে উজানের বল্লমঝাড়সহ তিনটি ইউনিয়নের সহস্রাধিক কৃষক ভোগান্তি ও ক্ষতির মুখে পড়েন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করা হয়েছে। এমনকি স্মারকলিপিও দেওয়া হয়েছে। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর ধরে ক্ষতির বোঝা টানতে হচ্ছে তাদের। দ্রুত পানি নেমে না গেলে চলতি বছরও অনেক জমি অনাবাদি পড়ে থাকবে।

এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান,কৃষকরাই এ দেশের প্রাণ। খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খাল খননে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন

1

অন্ধকারে ৭২১ কোটির ‘কৃষক স্মার্টকার্ড’ কার্যক্রম

2

পোলট্রি খামারিরা খাবার-ওষুধের দামে দিশাহারা

3

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

4

মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

5

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

6

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত

7

সিরাজগঞ্জের কাজিপুরে হারিয়ে যাচ্ছে ডেউয়া

8

পৌরবর্জ্যে দুষণের শিকার নদী

9

ঝিনাইদহের ড্রাগন চাষে সাঈদের ভাগ্য বদল

10

কীটনাশক আমদানি, ব্যবহার ও বিক্রিতে নতুন নীতিমালা হচ্ছে

11

গারো পাহাড়ে লটকন চাষে নতুন সম্ভাবনা

12

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় পরিদর্শনে প্রতিমন্ত্রী

13

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

14

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি

15

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

16

নওগাঁয় আড়তে বেড়েছে কাঁচা মরিচের দাম

17

জলজ প্রাণী রক্ষায় সুন্দরবনে ১০ খালের মুখে কাঠের বেড়া

18

বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে জামের রস

19

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

20