পাবনা সংবাদদাতাঃ
পাবনার ঈশ্বরদীতে আখের রস ছাড়াই ক্ষতিকর রাসায়নিক ও কাপড়ের রং মিশিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগ উঠেছে। একটি অসাধু চত্র একাধিক কারখানা গড়ে তুলে সেখানে এই গুড় তৈরি করছে। যা স্থানীয় বাজার সহ যাচ্ছে দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্তে। এই গুড় খেয়ে সাধারন মানুষ মারাত্নক সব রোগে আক্রান্ত হবার সম্ভাবনা দেখা দিয়েছে।
জানা যায়,ঈশ্বরদী, আসনা,পার্শ্ববর্তী সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে অর্ধশতাধিক ভেজাল গুড় তৈরি কারখানা। যেখানে শীত ও পবিত্র রমজানকে সামনে আখের রস ছাড়াই ক্ষতিকর রাসায়নিক ও কাপড়ের রং মিশিয়ে শত শত টন ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। যা পাইকারি বাজারের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে সারা দেশে।
কেবল ঈশ্বরদী নয়,শীত মৌসুমে নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর, মহারাজপুর, বিলমাড়িয়া ইউনিয়ন, কচুয়া গ্রাম, দুড়দুড়িয়া এলাকা এবং বালিতিতা ইসলামপুর অঞ্চলেও গুড় উৎপাদনের নামে চলছে এমন অসাধু তৎপরতা। একইভাবে রাজশাহীর বাঘা ও আড়ানী পৌরসভা এলাকা, বাজুবাঘা, গড়গড়ি ইউনিয়ন এবং মনিগ্রাম, বারখাদিয়া ও আমোদপুর এলাকার বাগান ও পতিত জমিতে গড়ে ওঠা গুড় উৎপাদন বলয়ে ভেজাল রোধে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।
চিকিৎসকেরা বলছেন, এই ভেজাল গুড় মানবদেহের জন্য নীরব বিষ। ব্যবহৃত রাসায়নিক মানবদেহের লিভার ও কিডনির অপূরণীয় ক্ষতি এবং ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শোভন পাল জানান, হাইড্রোজ, স্যাকারিন, চুন ও ফিটকিরি মিশ্রিত এই গুড় নিয়মিত খাওয়ার ফলে গ্যাস্ট্রিক, আলসারসহ মারাত্মক কিডনি জটিলতা দেখা দিতে পারে এবং মাত্রাতিরিক্ত সংক্রমণে মৃত্যু পর্যন্ত হতে পারে।
পাবনা জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহা. মাহমুদ হাসান রনি জানান, ভেজাল গুড় প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে শুধু উৎপাদনস্থলে অভিযান চালালেই চলবে না, বরং এই গুড় কোন কোন পাইকারি আড়ত ও পরিবহন নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তা খুঁজে বের করা জরুরি।
এদিকে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, চিটাগুড়ে সালফার ও ফসফরাসের মতো ক্ষতিকর অপদ্রব্য বিদ্যমান থাকে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। কারখানার রাসায়নিকের উৎকট গন্ধে স্থানীয় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি আখ জোন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু ব্যবসায়ীরা ক্রাশার মেশিন দিয়ে আখ মাড়াই করে গুড় তৈরি করছে। এর আগে গত ৬ অক্টোবর নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক লালপুরের গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে ক্রাশারের সাহায্যে উৎপাদিত গুড় ও সরঞ্জাম জব্দ এবং জরিমানা করেছিলেন।
এ বিষয়ে ঈশ্বরদীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার বলেন, 'প্রশাসনিকভাবে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
কৃ/স/জয়