কৃষি সময় ডেস্কঃ
বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট পাচারের সময় বিপন্ন প্রজাতির দুটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে। ময়মনসিংহের হালুয়াঘাটে থেকে বানর দুটো উদ্ধার করা হয। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার উপজেলার আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বানর দুটি উদ্ধার করা হয়।
জানা যায়, হালুয়াঘাট-ময়মনসিংহ সড়ক দিয়ে যাত্রীবাহী বাসে করে দুটি বন্যপ্রাণী পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বাজারের ব্যাগে থাকা বানর দুটি বাসস্ট্যান্ডের পাশের একটি পরিত্যক্ত ঘরের সামনে ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় ব্যাগটি উদ্ধার করে ভেতর থেকে জীবিত দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। উদ্ধার করা বানর দুটি পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কৃ/স/জয়