কৃষি সময় ডেস্কঃ
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ২০০ ফুট পাইপ ও নয়টি শ্যালো মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উত্তোলিত বালু জব্দ করা হয়।
শনিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তারের তত্ত্বাবধানে করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত এক হাজার ২০০ ফুট পাইপ ও নয়টি শ্যালো মেশিন নষ্ট করা হয়। একই সঙ্গে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও আশপাশের এলাকার ক্ষতি হচ্ছে। সরকারি বিধিবিধান অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।