কুমিল্লা সংবাদদাতাঃ
কুমিল্লার মেঘনায় মেঘনা নদী ও আশপাশের শাখা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে তৈরি করা ঝোপ বা জাগে মাছ ও মাছের পোনা আটকে নির্বিচারে নিধন করা হচ্ছে। এই নিধনের কারণে দেশীয় মাছের সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে। নদ-নদী থেকে হারিয়ে যেতে বসেছে দেশিয় মাছের বংশ। দীর্ঘদিন ধরে এভাবে মাছ ধরা হলেও স্থানীয় নৌ-পুলিশ এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।
জানা যায়,দেশের মিঠাপানির জলাশয়ে প্রায় ২৬০ প্রজাতির মাছ রয়েছে। এর মধ্যে ১৪৩টি ছোট প্রজাতির মাছ। এসব মাছের উল্লেখযোগ্য একটি অংশ হুমকির মুখে রয়েছে বলে মৎস্যসংশ্লিষ্ট বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। মেঘনা নদীতে অবৈধ ঝোপ স্থাপন করে মাছ ও পোনা নিধনের কারণে দেশীয় নানা প্রজাতির মাছও হুমকির মুখে পড়ছে। এর মধ্যে রয়েছে বোয়াল, আইড়, রিটা, গুজি আইড়, চিতল, গজার, শোল সহ নানা প্রজাতির দেশি মাছ।
মেঘনা নদীর সঙ্গে যুক্ত হয়েছে গোমতী, তিতাস, কাঠালিয়া, শেখেরগাঁওসহ বিভিন্ন নদী। মেঘনা, দাউদকান্দি, হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন শাখা নদীতেও অবৈধভাবে ঝোপ স্থাপনের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, এসব নদীপথে প্রায় দেড় শতাধিক ঝোপ তৈরি করা হয়েছে। কোথাও কোথাও নদীর মাঝখান পর্যন্ত ঝোপ বিস্তৃত হওয়ায় নৌযান চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে। ঝোপের কারণে শুধু মাছ নিধনই হচ্ছে না, নদীর স্বাভাবিক পানিপ্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে। এতে পলি জমে নদীর গভীরতা কমে যাচ্ছে। মাছের প্রজনন ও এক স্থান থেকে অন্য স্থানে চলাচলও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নদীর জীববৈচিত্র্য ও নৌচলাচল হুমকির মুখে পড়েছে। পণ্যবাহী জাহাজ, ট্রলার এবং বালুবাহী ভলগেট চলাচলের সময় এসব ঝোপ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এতে দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কুমিল্লার মেঘনায় মেঘনা নদী ও আশপাশের শাখা নদীতে গাছের ডালপালা ও বাঁশ পুঁতে তৈরি করা হচ্ছে এসব ঝোপ। পরে চারপাশ জাল দিয়ে ঘিরে ঝোপের ভেতরে মাছ আকর্ষণের জন্য দেওয়া হয় মৎস্য খাদ্য। খাবারের টানে বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা সেখানে জড়ো হলে জাল টেনে সহজেই সেগুলো ধরে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এভাবে মাছ শিকার চললেও নদীতে অবৈধ ঝোপ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নদী দখল করে অবৈধভাবে ঝোপ বা জাগ স্থাপন করে মাছ ও পোনা নিধনের কারণে দেশীয় মাছের সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে।
মেঘনা উপজেলার গুনবতী এলাকার প্রবীণ জেলে মো. আমির হোসেন বলেন, আগে এই নদীতেই চিতল, বোয়াল, পাবদা ধরে বাড়ি ফিরলে বাচ্চারা খুশি হইতো। এখন সারাদিন নৌকা বেয়ে শুধু পানি দেখা যায়। মাছ তেমন ওঠে না। মাঝনদীতে যাই না, সেখানে বড় লোকদের ঝোপ। তারা যা করে, আমরা কিছু বলি না। আমরা নদীতে বড় হয়েছি, নদী যেদিন থাকবে না, আমরাও থাকব না।
স্থানীয় জেলেরা আরো জানান, মেঘনা উপজেলায় স্থানীয় সাধারণ জেলের সংখ্যা প্রায় দুই হাজার। নদীর গুরুত্বপূর্ণ অংশগুলোতে ঝোপ তৈরি করে মাছ ধরার কারণে আমরা ন্যায্যভাবে মাছ ধরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। বিষয়টি নিয়ে অভিযোগ করেও অনেক সময় প্রতিকার মিলছে না। বড় মাছগুলো প্রভাবশালী ব্যক্তিদের জালে উঠছে এবং এর সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে।
জানা গেছে, মেঘনা উপজেলা মৎস্য কার্যালয়ে প্রায় এক বছর ধরে কোনো কর্মকর্তা নেই। দাউদকান্দি উপজেলার একজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ উপজেলার কার্যক্রম পরিচালনা করছেন। ফলে অবৈধ ঝোপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মৎস্য বিভাগের জনবল সংকটও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ওসি মোশাররফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ঝোপ তৈরি করে মাছ ধরার কার্যক্রম চলছে, এটি আজকের বিষয় নয়। তারপরও আমি অনেক ঝোপের জাল কেটে দিয়ে মাছ অবমুক্ত করেছি এবং মামলাও দিয়েছি। এ পর্যন্ত মৎস্য আইনে ২৭টি মামলা করেছি। অবৈধ ঝোপ নিরসনে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার জানান, আমার উপজেলায় একজন মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে আছেন। তিনি দাউদকান্দি থেকে এসে দায়িত্ব পালন করেন। আমাদের উপজেলায় স্থায়ী মৎস্য কর্মকর্তা না থাকা এবং প্রয়োজনীয় জনবল না থাকায় একসঙ্গে সমন্বয় করে মোবাইল কোর্ট পরিচালনা করা অনেক সময় সম্ভব হচ্ছে না। এ বিষয়ে নৌপুলিশ ও মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলে অবৈধ ঝোপের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
কৃ/স/জয়