কুমিল্লা সংবাদদাতাঃ
কুমিল্লার দাউদকান্দির বিশাল চরাঞ্চলজুড়ে ক্ষীরা চাষাবাদ হচ্ছে। উপজেলার প্রায় ৪৫ গ্রামের মানুষ এখানে ক্ষীরা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি এসব ক্ষীরা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। ভাল ফলনে চাষীরা এই ক্ষীরা বিক্রি করে বেশ লাভবান হন।
জানা গেছে, গত বছর দাউদকান্দিতে ক্ষীরা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৯০ হেক্টর জমিতে। আবাদ হয়েছিল ৪০০ হেক্টরে। চলতি বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০০ হেক্টর। এরই মধ্যে ৩৬০ হেক্টর জমিতে ক্ষীরার আবাদ হয়েছে। কিছু এলাকায় এখনো চাষ শুরু হওয়ায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী কৃষি বিভাগ।
দাউদকান্দির নদীবেষ্টিত চরাঞ্চলে শীত মৌসুমে ব্যাপকভাবে ক্ষীরা চাষ করেন কৃষকেরা। বছরের পর বছর ধরে এই চাষের সঙ্গে জড়িয়ে আছে দাউদকান্দি ও পার্শ্ববর্তী মেঘনা উপজেলার প্রায় ৪৫ গ্রামের মানুষের জীবিকা। পূর্বপুরুষের পেশা ধরে রেখে অনেক পরিবার ক্ষীরা চাষ করে সংসার চালাচ্ছে।
কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী, শীত মৌসুমে প্রতি কানি জমিতে ২০ থেকে ২২ মণ ক্ষীরা উৎপাদন হয়। গরমের সময় ফলন কমে প্রতি কানিতে ৭ থেকে ৮ মণে নেমে আসে। প্রতি বিঘা জমিতে চাষের খরচ প্রায় ৩ হাজার টাকা। খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি ৩ থেকে ৪ হাজার টাকা লাভ থাকে বলে জানিয়েছেন তারা। তবে উৎপাদন ও লাভের পরিমাণ মৌসুম, ফলন এবং বাজারদরের ওপর নির্ভর করে।
প্রায় ৭০ বছর আগে দাউদকান্দির গঙ্গাপ্রসাদ গ্রামে প্রথম ক্ষীরা চাষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নসহ আশপাশের চরাঞ্চলে। গোমতী, কাঁঠালিয়া, খিরাই ও মেঘনা নদীর বুকে জেগে ওঠা চরগুলোতে এখন শীত মৌসুমে যত দূর চোখ যায়, দেখা মেলে ক্ষীরার ক্ষেত।
চরাঞ্চলে সরেজমিনে দেখা যায়, ক্ষীরার খেতে নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও কাজ করছে। কেউ ক্ষেত থেকে ক্ষীরা তুলছেন, কেউ বাছাই করছেন, আবার কেউ বস্তায় ভরছেন। মোহাম্মদপুর গ্রামের আছিয়া বেগম ক্ষীরার খেতে কাজ করেন। তিনি বলেছেন, ‘আমার বাপ গরিব মানুষ। ক্ষীরা ক্ষেত কইরা চারটা ডাল-ভাত পেটে দিবার পারি।’
গঙ্গাপ্রসাদ, বাহেরচর, হাসনাবাদ, গোলাপেরচর, চেঙ্গাকান্দি, নয়াহাসনাবাদ ও দুধঘাটাসহ বিভিন্ন গ্রামের কৃষকেরা ক্ষীরা চাষ করেন। তাদের কেউ দেশের বিভিন্ন স্থান থেকে কেজিপ্রতি ৭০০ থেকে ১ হাজার টাকা দরে বীজ সংগ্রহ করেন। আবার কেউ নিজেরাই বীজ উৎপাদন করে চাষ করেন।
দাউদকান্দি বাজার ও নতুন ফেরিঘাট এলাকায় প্রতিদিন সকাল-সন্ধ্যা ক্ষীরার পাইকারি বাজার বসে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসব বাজারে এসে ক্ষীরা কিনে নিয়ে যান। পরে তা বিভিন্ন এলাকার বাজারে বিক্রি করেন তারা।
উপজেলার চরবাউইসা গ্রামের আব্দুল মান্নান বলেন, আমার বাবাও ক্ষীরা চাষ করতেন। আমার কাছে এই চাষ পূর্বপুরুষের ঐতিহ্য। ক্ষেতের আয়েই আমাদের সংসার চলে।
গঙ্গাপ্রসাদ এলাকার ক্ষীরা চাষী আব্দুল হালিম বলেন,বাপ-দাদার আমল থেকে আমরা চরাঞ্চলের জমিতে এই শৌসুমে ক্ষীরা চাষাবাদ করি। ফলনও হয় ভাল। বাজারে বিক্রি করে আয় রোজগার করি। আমাদের অঞ্চলের প্রায় সব কৃষকই চরাঞ্চলে ক্ষীরা চাষাবাদ করেন।
দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা জানান, এ উপজেলায় আগেও ক্ষীরার ভালো ফলন পেয়েছেন কৃষকেরা। এবারও চাষের পরিমাণ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। তবে জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করলে ক্ষীরাগাছে পোকামাকড়ের আক্রমণ বাড়তে পারে। তাই পরিমিত সার ব্যবহার এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চললে ভালো ফলন পাওয়া সম্ভব।
কৃ/স/জয়