ফরিদপুর সংবাদদাতাঃ
ফরিদপুরে বিভিন্ন উপজেলায় সার সংকটে দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা। তাদের অভিযোগ অসাধু ডিলার ও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছে। বাধ্য হয়ে অনেকেই বেশি দামে সার কিনে অনেকই চাষাবাদ করছেন। ফলে তাদের উৎপাদন খরচ বাড়ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, জেলার বরাদ্দ বিবেচনায় ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের সংকট নেই। সরকারি নির্ধারিত খুচরা মূল্য অনুযায়ী, এক বস্তা ইউরিয়া ১ হাজার ৩৫০ টাকা, টিএসপি ১ হাজার ৩৫০ টাকা, ডিএপি ১ হাজার ৫০ টাকা এবং এমওপি ১ হাজার টাকায় বিক্রি করার কথা।
কৃষকদের অভিযোগ, ইউরিয়া, টিএসপি ও এমওপি সারের বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি অভিযোগ ডিএপি সার নিয়ে। সরকারি মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও কোথাও কোথাও তা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে দাবি কৃষকদের।
শীত মৌসুমের শুরুতে জমিতে ধান, পেঁয়াজ, সবজি কিংবা অন্য কোনো ফসল ফলানোর প্রস্তুতি চলছে। কিন্তু শুরুতেই সারের বস্তায় বাড়তি টাকার বোঝা চেপে বসায় দিশাহারা কৃষকরা। তা ছাড়া বাড়তি দাম দিয়েও মিলছে না পর্যাপ্ত সার। ফরিদপুরের বিভিন্ন বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় কৃষকরা।
কৃষকরা বলছেন, উৎপাদন খরচ কমাতে সরকার ভর্তুকি দিয়ে সার সরবরাহ করলেও মাঠপর্যায়ে তার সুফল পুরোপুরি পৌঁছাচ্ছে না। চাহিদা বাড়ার সুযোগ নিয়ে কিছু ডিলার ও খুচরা বিক্রেতার বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও কোথাও সরকারি দামের চেয়ে কয়েকশ টাকা বেশি দিয়ে সার কিনতে হচ্ছে বলে দাবি একাধিক কৃষকের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. সাহাদুজ্জামান বলেন, জেলায় কোনো প্রকার সারের সংকট নেই। নিয়মিত মাঠপর্যায়ে মনিটরিং করা হচ্ছে। আমাদের একাধিক কর্মকর্তা সব সময় খবরাখবর রাখছেন। যদি কোনো ডিলার এই ধরনের কাজে লিপ্ত থাকে বা কোনো কৃষক অভিযোগ করেন, তা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
কৃ/স/জয়