বাগেরহাট সংবাদদাতাঃ
ফেলে দেয়া খেজুরের বিচি থেকে কফি তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন বাগেরহাটের এক পল্লিচিকিৎসক। ইউটিউব দেখে তিনি এ আবিষ্কার করেন। তার নাম হাওলাদার মোহাম্মদ আলী। তিনি জেলা সদরের উৎকুল এলাকার বাসিন্দা।
জানা যায়,মোহাম্মদ আলী ইউটিউবে সৌদি আরবে খেজুরের বিচি দিয়ে কফি দেখেন। সেখান থেকে ধারনা নিয়ে তিনি দেশি খেজুরের বিচি দিয়ে নিজে এটি তৈরির চেষ্টা করেন। এ জন্য ২৫ টাকা দিয়ে তিনি প্রথমে এর উৎপাদন শুরু করেন। গ্রামের কাঁচা খেজুর এবং বিচি সংগ্রহ করে তা ভালভাবে ধুয়ে রোদে শুকান। এরপর তা বালু দিয়ে কড়াইয়ে ভেজে নেন। তারপর বেল্ন্ডার মেশিনে এগুলো গুড়া করেন। এ প্রক্রিয়ায় কোন ধরনের রাসায়নিক ছাড়া তিনি কফি তৈরি করছেন। ইতোমধ্যে তার উৎপাদিত খেজুর বিচির কফি ২০ টাকার মতো বিক্রি করেছেন। জানাজানি হওয়ায় উৎসুক মানুষ প্রতিদিন তার কফি কিনতে আসছেন।
কফি তৈরির উদ্যোক্তা হাওলাদার মোহাম্মদ আলী জানান,ভবিষ্যতে অনলাইনে বাজারজাত করে দেশের পাশাপাশি বিদেশেও এই পণ্য পৌঁছে দিতে চান। এ জন্য তিনি সংশ্লিষ্টদের সহায়তা চান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন জানান,খেজুরের বিচি সাধারণত ফেলে দেওয়া হয়। সেই বিচি ব্যবহার করে মূল্য সংযোজনমূলক পণ্য তৈরি করা ইতিবাচক ও উদ্ভাবনী উদ্যোগ। এ ধরনের উদ্যোগ স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতে পারে। উদ্যোক্তাকে কারিগরি ও অর্থসহায়তা করার কথা জানান এই কৃষি কর্মকর্তা।
কৃ/স/জয়