পিরোজপুর সংবাদদাতাঃ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জলাবদ্ধ এলাকায় ভাসমান বেড়ে উৎপাদিত হচ্ছে নানা ধরনের কোটি সবজি চারা। এই সবজি চারা বিক্রি করে স্থানীয় কৃষকরা আয় করছেন প্রায় ১০ কোটি টাকা। এর মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। একই সাথে এখানকার বিপুর পরিমাণ জলাবদ্ধ জমি চাষাবাদের আওতায় এসেছে।
নাজিরপুরের দেউলবাড়ি-দোবরা ও নেছারাবাদের বলদিয়া ইউনিয়নের পাঁচটি ব্লকে ভাসমান বেড ও ধাপ পদ্ধতিতে চারা উৎপাদন করা হয়। বিলের বিস্তীর্ণ এলাকাজুড়ে লাউ, মিষ্টিকুমড়া, শিম, পেঁপে, করলা, বেগুন, মরিচসহ বিভিন্ন জাতের সবজির চারা উৎপাদিত হচ্ছে। এসব চারা পিরোজপুরের পাশাপাশি খুলনা, যশোর, গোপালগঞ্জ, বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হয়।
প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এই ভাসমান চাষপদ্ধতি সময়ের সঙ্গে কিছুটা আধুনিক হলেও এখনো এর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়নি। তবু নিজেদের মেধা ও শ্রমে এলাকার কৃষকরা বদলে দিচ্ছেন জীবনযাত্রা। ভাসমান বেডে চারা উৎপাদন ঘিরে ঘুরছে এক হাজারেরও বেশি পরিবারের ভাগ্যের চাকা।
ভাসমান বেডের এই সবজি চারা চাষাবাদের জায়গা বছরের প্রায় ছয় মাস পানিতে নিমজ্জিত থাকে। জলাবদ্ধতাকে বাধা না ভেবে সম্ভাবনায় রূপ দিয়েছেন এখানকার কৃষকরা। ভাসমান বেডে উৎপাদন করছেন বিভিন্ন জাতের সবজির চারা। প্রতি মৌসুমে উৎপাদিত প্রায় এক কোটি চারা বিক্রি হচ্ছে প্রায় ১০ কোটি টাকায়। এই কৃষিকাজ ঘিরে জীবিকার পথ তৈরি হয়েছে হাজারো পরিবারের।
ভাসমান বেডে চারা উৎপাদনের প্রাথমিক কাজে যুক্ত নারীরা প্রতিদিন কয়েকশ থেকে দুই হাজার পর্যন্ত চারার কাজ করেন। প্রতি এক হাজার দুলালী লতা দিয়ে ম্যাদা তৈরি করে তারা পান ১৫০ টাকা। এই আয় দিয়েই চলে তাঁদের সংসার।
নেছারাবাদ উপজেলার গগন গ্রামের কৃষক জাকির হোসেনের স্ত্রী নুরজাহান বেগম ২০০৫ সাল থেকে ভাসমান বেডে সবজির চারা উৎপাদনের কাজ শুরু করেন। তিনি স্থানীয় অসহায় ও কর্মহীন নারীদের নিয়ে গড়ে তুলেছেন কাজের পরিসর। বর্তমানে তার সঙ্গে কাজ করছেন প্রায় ১০ জন নারী। এসব নারীরা কেউ দুলালী লতা দিয়ে তৈরি ম্যাদার ভেতর বিভিন্ন জাতের সবজির বীজ বুনছেন, কেউ আবার অঙ্কুরিত চারা সাজিয়ে রাখছেন। এভাবেই পানির ওপর তৈরি বেডে বেড়ে উঠছে সবজির চারা। নুরজাহানের স্বপ্ন, নিজের উদ্যোগকে আরও বড় করার পাশাপাশি কর্মহীন নারীদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কিন্তু পর্যাপ্ত পুঁজি, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা না থাকায় সেই স্বপ্ন বাস্তবায়নে বাধার মুখে পড়ছেন তিনি।
ভাসমান বেডে চারা উৎপাদনকারী কৃষক লুৎফুর রহমান বলেন, ‘এখানে সকাল ছয়টায় কাজ করতে আসি। বেডে চারা রোপণ করি, ওষুধ দিই, লতা পরিষ্কার করি। এখানকার চারা ঢাকা, খুলনা, গোপালগঞ্জ, বরিশালসহ অনেক জায়গায় যায়। প্রতিবছর এখানে লাখ লাখ চারা উৎপাদন হয়। বিভিন্ন জাতের সবজির চারা প্রতিটি ৩ থেকে ৭ টাকা পর্যন্ত বিক্রি হয়।
বলদিয়া গ্রামের নারী শ্রমিক রহিমা বেগম বলেন, ‘সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করি। সারাদিন এত পরিশ্রম করেও ২০০ টাকা আয় করতে অনেক কষ্ট হয়। নারীদের আর কোনো কাজ নেই, তাই এগুলোই করি। আমাদের ভালো প্রশিক্ষণ দেওয়া হলে ভালো হতো। এক হাজার ম্যাদা বানিয়ে দেড়শ টাকা পাই। তাতে কি আর সংসার চলে!
স্থানীয় নারীদের মতে, প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা গেলে তাঁদের অনেকেই নিজেরাই উদ্যোক্তা হতে পারবেন। এতে একদিকে যেমন তাঁদের আয় বাড়বে, অন্যদিকে গ্রামীণ এলাকায় নতুন কর্মসংস্থানও তৈরি হবে।
পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, নাজিরপুর ও নেছারাবাদে ভাসমান বেডে উৎপাদিত সবজির চারা খুলনা, যশোর, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। এ পেশার সঙ্গে প্রায় ছয় হাজার কৃষক জড়িত। কৃষি অফিস থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতি মৌসুমে ভাসমান বেডে বিভিন্ন প্রজাতির প্রায় এক কোটি সবজির চারা উৎপাদিত হয়। এসব চারা বিক্রি করে প্রায় ১০ কোটি টাকা আয় হয়।
কৃ/স/জয়