কৃষি সময় ডেস্কঃ
খাগড়াছড়ির দীঘিনালায় চলতি বছরে পর পর দুই দফা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার উপজেলার বাবুছড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এতে ৩৬০ পরিবারের মধ্যে মোট ২১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
কারিতাস বাংলাদেশের অর্থায়নে এবং জাবারাং কল্যাণ সমিতির সহায়তায় এ অর্থ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রকৃত অবস্থা যাচাই করে সহায়তার জন্য তালিকা প্রস্তুত করা হয়। এ ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ, পাড়া কার্বারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে এলাকাভিত্তিক যাচাই-বাছাই করা হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়।
চূড়ান্ত তালিকাভুক্ত পরিবারের প্রত্যেকের হাতে ৬ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়। আকস্মিক বন্যায় ঘরবাড়ি, কৃষি ও দৈনন্দিন জীবনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এ অর্থ সহায়তা কিছুটা হলেও কাজে আসবে বলে সংশ্লিষ্টরা জানান।
কৃ/স/জয়