বান্দরবান সংবাদদাতাঃ
বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনী অবৈধ সেগুন কাঠ পাচারের সময় একটি বড় চালান জব্দ করেছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। জব্দকৃত কাঠের পরিমাণ আনুমানিক ৪০ ঘনফুট।
বান্দরবান জেলা শহরের উজানী পাড়া এলাকার নদী ঘাট থেকে ওই কাঠ জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনজ সম্পদ সংরক্ষণ ও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে ওইদিন উজানী পাড়া ঘাটে অভিযান চালানো হয়। আব্দুল্লাহ আল আরমান নামে এক কাঠ ব্যবসায়ীর নদীপথে আনা কাঠের চালানটি সন্দেহজনক মনে হলে সেটি আটক করা হয়। পরে বন বিভাগের মাধ্যমে যাচাই-বাছাই করে দেখা যায়, বৈধ কাগজের আড়ালে ৪০ ঘনফুট কাঠ অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। জব্দকৃত এসব সেগুন কাঠের বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
বান্দরবান সদর জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত কাঠগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলার প্রাকৃতিক বনজ সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
কৃ/স/জয়