রাজবাড়ী সংবাদদাতাঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি স্পিরিট কোম্পানির বর্জ্যে ভূগর্ভস্থ পানির স্তরে মিশে সুপেয় পানি ভয়াবহভাবে দূষিত হওয়াসহ পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। এতে আশপাশে বসবাসকারী কয়েকশ পরিবার বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন এবং পরিবেশ দূষণের শিকার হচ্ছেন। তারা নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া পার্শ্ববর্তী কৃষিজমিতে ফলন বিপর্যয় দেখা দিয়েছে। যা নিয়ে স্থানীয় জনমনে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
জানা যায়, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার সুনিপুন অর্গানিঙ্ কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে স্পিরিট তৈরি করে আসছে। স্থানীয়রা বলছেন,এই কারখানার আশপাশের দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লাহ ফকিরপাড়া, কিয়ামদ্দিন মোল্লাপাড়া ও গফুর মোল্লাপাড়া গ্রাম এবং হেলিপ্যাড এলাকার মানুষের ব্যবহৃত টিউবওয়েল চাপ দিলেই উঠছে কালচে কালো রঙের পানি। সঙ্গে রয়েছে তীব্র দুর্গন্ধ। এই পানি পান করা তো দূরের কথা, রান্না-গোসলসহ দৈনন্দিন কাজে ব্যবহারের উপায় নেই।
এমন অবস্থায় এসব গ্রামের বাসিন্দারা দূরদুরান্ত থেকে সুপেয় পানি সংগ্রহ করলেও দৈনন্দিন কাজে অনেক সময় ওই দূষিত পানিই ব্যবহার করতে বাধ্য হন। এতে তারা প্রতিনিয়তই নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। শুধু তাই নয়, এই কারখানা থেকে নির্গত দুর্গন্ধ ও ছাই উড়ে এসে তাদের জনজীবন অতিষ্ঠ করে তুলেছে।
স্থানীয় কৃষক মো. মোশাররফ হোসেন বলেন, ‘আশপাশের মাঠের ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিন দিন ফলন কমেছে, আশঙ্কাজনক হারে কমছে। আমাদের দাবি, কারখানাটি জনবসতিহীন কোনো ফাঁকা চর অঞ্চলে সরিয়ে নেওয়া হলে এলাকাবাসী এই অভিশাপ থেকে মুক্তি পাবে।’
স্থানীয় বাসিন্দা মো. শুকুর আলী মন্ডল (৬৫) ও মো. লাল্টু মন্ডলসহ অনেকেই বলেন, এই কারখানার বর্জ্যরে কারণে এলাকার টিউবওয়েলের পানিতে কালচে রং ও দুর্গন্ধ দেখা দিয়েছে। কারখানা থেকে নির্গত বর্জ্যরে কারণে ভূগর্ভস্থ পানিতে দূষণ ছড়াচ্ছে। পাশাপাশি কারখানা থেকে নির্গত দুর্গন্ধ ও ছাই উড়ে আশপাশের পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ বয়সের মানুষ ঠান্ডা-কাশি, পেটের নানা অসুখসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পানির নমুনা পরীক্ষা করে দূষণের প্রকৃত কারণ চিহ্নিত করা এবং দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।
গোয়ালন্দ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, পদ্মা নদীর কাছাকাছি গোয়ালন্দ উপজেলার ভূগর্ভস্থ পানির স্তর অনেক উপরে। মাত্র ২০/২৫ ফুট মাটির নিচেই সুপেয় পানি পাওয়া যায়। ফলে খুব সহজেই পানি দূষণের ঝুঁকি থাকে। অনেক সময় টয়লেটের সেপটিক ট্যাংকের কারণেও পানি দূষণের ঝুঁকি থাকে।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন,যেকোনো ধরনের শিল্পের বর্জ্য ফসল উৎপাদনের জন্য যে পুষ্টিগুণ প্রয়োজন হয়, তা গ্রহণের প্রক্রিয়া বাধাগ্রস্ত করে। ওই খারখানাটি বর্জ্য যথাযথভাবে মেইনটেইন করছে কি না, তা খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে আমাদের যা করণীয় আছে তা আমরা করব।
কৃ/স/জয়