ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁওয়ে শীতের শুরুতেই প্রতি বছরের ন্যায় ঝাঁক বেঁধে আসতে শুরু করেছে অতিথি পাখি। পাখির কলকাকলি আর ডানার ঝাপটায় মুখরিত হয়ে উঠেছে গ্রামের চারপাশ। আকাশজুড়ে পাখির ঝাঁক। কখনো দলবেঁধে উড়ে চলা, আবার কখনো গাছের ডালে বসে ডাকাডাকি। পাখির কলকাকলিতে মুখরিত চারপাশ।
ঠাকুরগাঁয়ে প্রতি বছর হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসে অতিথি পাখির দল। দিনভর তারা এখানকার নদী-নালা,কাল-বিলে তারা বিচরণ করে। রাতে গ্রামের গাছপালায় তারা অবস্থান করে। নিরাপদ আশ্রয়ের কারনে তারা এ জনপদে বার বার ছুটে আসে। সকাল আর বিকালে পাখিদেও দল বেধে আসা যাওয়া আর কিচির মিচির ডাকে মুগ্ধ এখানাকর মানুষেরা।
বাহারি রঙের এসব পাখির খুনসুটি আর ছোটাছুটিতে যেন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। আকাশে যখন একসঙ্গে ডানা মেলে শত শত পাখি, তখন চোখের সামনে ভেসে ওঠে জলরঙে আঁকা কোনো জীবন্ত ছবি।
জেলার রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি গ্রাম। প্রতিবছরই দেখা মেলে এমন দৃশ্যের। এ সময়ে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এসে ভিড় করে এখানে। স্থায়ী কোনো বাসা না বানালেও সারাদিনই এই এলাকা ঘিরে চলে তাদের বিচরণ। কখনো খাবারের সন্ধানে ছুটে বেড়ায়, আবার কখনো একসঙ্গে ডানা মেলে উড়ে যায় দূর আকাশে।
সেরেকুল নামে আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, শীতের সময় অতিথি পাখি আমাদের গ্রামে আসে নিরাপদ আশ্রয় ও খাবারের সন্ধানে। কিন্তু শিকারিদের তৎপরতা অব্যাহত থাকলে পাখিরা নিরাপদ আবাস হারাবে। পাখি রক্ষায় স্থানীয় মানুষকে সচেতন করার পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।
রুহিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা জিয়া হক বলেন, প্রতিবছর শীতের শুরুতে আমাদের গ্রামে হাজার হাজার অতিথি পাখি আসে। তাদের কলকাকলিতে মুখর থাকে চারপাশ। যেন এক মনোরম দৃশ্য।
রুহিয়া উপজেলার গিন্নীদেবি কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, খড়িবাড়ি গ্রামে শুধু পাখির কলকাকলিই নয়, অতিথি পাখিদের অবাধ বিচরণে এখানকার প্রকৃতিও যেন পেয়েছে নতুন প্রাণ। পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও ভালোবাসায় কয়েক বছর ধরে নিরাপদেই বিচরণ করছে এসব ডানাওয়ালা অতিথি পাখি। শিকার রোধে নজর রেখেছে প্রশাসনও।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক বলেন, পাখি শিকার একটি দণ্ডনীয় অপরাধ। প্রশাসন থেকে আমরা নিয়মিত তা তদারকি করছি। কেউ যেন এসব অতিথি পাখি শিকার না করতে পারে।
কৃ/স/জয়