কৃষি সময় ডেস্কঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দেওয়ার ঘটনা এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ছাগলটি পরপর চারটি ছানার জন্ম দেয়। প্রায় এক ঘণ্টা পর জন্ম নেয় পঞ্চম ছানাটি। তবে জন্মের ১৫ মিনিটের মধ্যেই ছানাটি মারা যায়। বর্তমানে বেঁচে থাকা চারটি ছানা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন মালিক।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের কৃষক তহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিরল এ ঘটনা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
তহিদুল ইসলাম জানান, তার পালন করা দেশি ছাগলটি এর আগে তিনবার বাচ্চা দিয়েছে। প্রতিবারই তিনটি করে ছানার জন্ম হয়েছিল। এবারও বাচ্চা দেওয়ার সময় পাঁচটি ছানা হবে, তা তিনি কল্পনাও করেননি। তার স্ত্রী মমিনা বেগমের উপস্থিতিতে প্রথমে চারটি ছানার জন্ম হয়। পরে প্রায় এক ঘণ্টা বিরতি দিয়ে পঞ্চম ছানাটির জন্ম হলেও সেটি বাঁচেনি।
কৃ/স/জয়