কৃষি সময় ডেস্কঃ
পাবনার ভাঙ্গুড়া অভিযান চালিয়ে প্রায় দুই হাজার ৭০০ কেজি ক্ষতিকর জেলি, তেল ও বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এখানকার একটি বসত বাড়িতে কারখানা খুলে এই নক দুধ তৈরি করা হচ্ছিল। ভ্রাম্যমান আদালত এ কর্মকান্ডে জড়িতদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দিয়েছে।
শুক্রবার উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের অভিযুক্ত আবুল বাশারের নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বসতবাড়ির ভেতর মজুত রাখা ৩৬ ড্রাম জেলি উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় দুই হাজার ৭০০ কেজি। এ ছাড়া দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার ক্ষতিকর তেল এবং ৩২০ লিটার তৈরি ভেজাল দুধ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব উপকরণের আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা। পরে জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ এসব ভেজাল সামগ্রী ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেনÑকৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের ভেজাল কারখানার মালিক মো. আবুল বাশার এবং তার সহযোগী একই গ্রামের মো. সবুজ। ভ্রাম্যমাণ আদালত আবুল বাশারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড এবং সহযোগী সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে সবুজকে আরও ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), উপজেলা প্রশাসন এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
কৃ/স/জয়